বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি। ম্যাচ শেষে তিনি জানান, ১৮০ রানের লক্ষ্যকে তিনি শুরুতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভেবেছিলেন, তবে শেষ পর্যন্ত সেটি যথেষ্ট হয়নি।
নিক কেলি বলেন, “আমার মনে হয়েছিল ১৮০ এই উইকেটে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর। ইনিংসের অর্ধেকের সময় আমরা ভেবেছিলাম আমরা পার স্কোরের একটু ওপরে আছি। তাই ১৮০ রান নিয়ে আমরা খুশি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা যথেষ্ট হয়নি. ১০ ওভার শেষ হওয়ার পর আমরা ভেবেছিলাম আমরা ম্যাচে এগিয়ে আছি। কিন্তু টি-টোয়েন্টিতে ফিল্ডিং দলকে এক-দুই উইকেট পড়ার পরও থিতু ধরে নেওয়া যায় না।’
‘আমরা মনে করেছিলাম সোধি যখন তৃতীয় উইকেটটা নিল, তখন আমরা পুরোপুরি ম্যাচে নিয়ন্ত্রণে আছি এবং আরও কিছু ওভার চেপে ধরতে পারব। কিন্তু সেটা হয়নি। তারা ভালো আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এসেছে, আর ব্যাটসম্যানরা সেট হয়ে শট খেলতে পেরেছে। আমাদের এক্সিকিউশন আজ হয়তো মান অনুযায়ী হয়নি।’-যোগ করেন কেলি।
কেলি শেষে জানান, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে তারা পরবর্তী ম্যাচে আরও শক্তভাবে ফিরতে চান, ‘যখন আপনি ম্যাচ হারেন, তখন মনে হয় আরও কিছু রান দরকার ছিল। তাদের ব্যাটিং শক্তি আজ রাতে দারুণ ছিল। আমি মনে করি তারা ৮ বা ৯টা ছক্কা মেরেছে, যেখানে আমরা ছিলাম ৪ থেকে ৫টার মধ্যে—এটাই সম্ভবত বড় পার্থক্য। তবে আমরা এখান থেকে শিখব এবং কয়েক দিনের মধ্যে আবার খেলতে নামব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

