এক নারীকে অপহরণ করতে আসা

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক
ছবি: আমার দেশ

মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভুয়া সিআইডি সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটের দিকে উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে আসমা খাতুন (৩১) ও একই গ্রামের সাহাউদ্দিনের ছেলে ওসমান গণি (২৫), ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে হাসানুজ্জামান হাসান (২৮), ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামের আব্দুল করিমের ছেলে সালমান শাহ (২৫), কুড়িগ্রাম জেলার বরুঙ্গামারী উপজেলার কলিঘাট পাঁচমাথা গ্রামের এবং বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই গ্রামের ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে ছাব্বির হোসেন (২২), ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ গ্রামের নজরুল ইসলামের ছেলে সাকিব (২৩) ও মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে আল আমিন হোসেন (২২)।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা ৪টি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রো গাড়ি ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে বুধবার দুপুরে মাগুরা জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়, মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারে নাকোল পুলিশ ক্যাম্পের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোহা মাইক্রো গাড়ি সন্দেহজনকভাবে ঘুরছে।

ডিউটি পার্টি ইনচার্জ এসআই আব্দুল মালেক তাৎক্ষণিক বিষয়টি মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে অবহিত করেন।

পুলিশ সুপার তাদের নজরে রাখার নির্দেশ দেন এবং বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানকে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷ রাত ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, সিআইডি সদস্য পরিচয় দেওয়া ৭ ভুয়া সিআইডি সদস্যকে আটক করা হয়েছে। তারা এক নারীকে অপহরণে জন্য ওই এলাকায় গিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন