বিয়ের চার মাস পর ভাড়া বাসায় গৃহবধূর ঝুলন্ত লাশ

বিয়ের চার মাস পর ভাড়া বাসায় গৃহবধূর ঝুলন্ত লাশ

চট্টগ্রামের হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কে ‘হাবিবা ভিলা’ নামে এক ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত সাদিয়া আক্তার উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকার কান্তর আলী ফকিরবাড়ির মো. শফির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র চার মাস আগে গড়দুয়ারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের উকিল বাড়ির ফয়জুল ইসলামের ছেলে প্রবাসী মো. ওয়াহিদুল আলম ওরফে আসিফের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে এই নবদম্পতি পৌরসভার হাবিবা ভিলার নিচতলায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

ঘটনার দিন দুপুর থেকে ভাড়া বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্বজনেরা সাদিয়াকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত হাটহাজারী মডেল থানার পুলিশকে জানানো হয়।

সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সজীবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন