চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে পাঁচলাইশ থানা থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) পদায়ন করা হয়েছে।
সাবেক চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজকে ‘হানি ট্র্যাপে’ ফেলার অভিযোগে জোবাইরুল হক জিয়ানকে নিয়ে ২২ আগস্ট আমার দেশ পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জাহেদুল ইসলামের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগের তথ্যও সামনে আসে। এর মধ্যেই জাহেদুল ইসলামকে বদলির আদেশ দেওয়া হলো। তবে বদলির আদেশে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়। আদেশে নগরের কয়েকটি থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী থানার ওসি করা হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার ওসি এবং কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিবি-বন্দর জোনের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি এবং খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ মডেল থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে, পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। একই আদেশে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
জিয়ানকে নিয়ে অনুসন্ধানে জাহেদুলের নাম
জোবাইরুল হক জিয়ানকে নিয়ে আমার দেশ-এর অনুসন্ধানে তার সঙ্গে পুলিশের কয়েকজন কর্মকর্তার যোগাযোগের তথ্য উঠে আসে। এর মধ্যে জাহেদুল ইসলামের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিশেষভাবে সামনে আসে।
অনুসন্ধানে পাওয়া জিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটে জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানায় পদায়ন নিয়ে কথোপকথনের তথ্য পাওয়া যায়। পরে জাহেদুল ইসলাম সাতকানিয়া থেকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। এ ছাড়া জাহেদুল ইসলামের সঙ্গে জিয়ানের ব্যক্তিগত যোগাযোগের তথ্যও অনুসন্ধানে উঠে আসে।
জিয়ানের বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নারীর ছবি ও পরিচয় ব্যবহার করে পুরুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন তিনি। চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার হাসিব আজিজের সঙ্গেও ‘সানজিদা ইসলাম সায়মা’ পরিচয়ে যোগাযোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাসিব আজিজের বক্তব্য অনুযায়ী, তিনি ওই ব্যক্তিকে নারী মনে করেই যোগাযোগ করেছিলেন। পরে পরিচয় ভুয়া জানতে পেরে যোগাযোগ বন্ধ করে দেন।
জাহেদুল ইসলামের সঙ্গে জিয়ানের যোগাযোগের বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। সিএমপির এবারের আদেশে জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হলেও এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

