খালের পাড়ে খেলতে গিয়ে

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাঈদ খান (৫) মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামের শহিদুল ইসলাম শাহীন খানের ছেলে ও বাজিতা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সকালে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন সিকদার।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সাঈদ বাড়ির সামনে খালের পাড়ে খেলতে যায়। এ সময় সবার অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পানি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন ।

কাঠালতলী ২০ শয্যা হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজুল ইসলাম জানান, নতুন শ্রীনগর গ্রামে সাঈদ নামের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ দিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন