চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংর্ঘষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৯ জন আহত হয়েছে। এঘটনায় এরশাদ উল্লাহ (৪০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধাবার দুপুরে এইচএসসি পরীক্ষার শেষে শিক্ষার্থীরা সিএনজি অটোরিকশাযোগে হাটহাজারীতে আসার পথে উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত সিএনজি অটোরিকসার চালক ও শিক্ষার্থীরা।
উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের আঘাত গুরুত্ব হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অটোরিকসার চালক এরশাদের মৃত্যু হয় ।
নিহত এরশাদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কুমারীকুল বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার পিতার নাম জানা যায়নি।
আহত আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে সিএনজি চালক এরশাদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কান্তি মজুমদার বলেন, নিহত এরশাদ ঘটনাস্থলে মারা যায়।
সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

