ফুটবলারদের সতর্ক করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ভাতা পেয়েও ‘খেপ’ খেললে ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা

ক্রীড়া ভাতা পেয়েও ‘খেপ’ খেললে ফুটবলারদের 
বিরুদ্ধে ব্যবস্থা

দেশের ফুটবলে ‘খেপ’ শব্দটি বেশ পুরোনো। ‘ভাড়ায়’ গ্রামগঞ্জের কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়াকেই ‘খেপ’ বলা হয়। আর এই খেপ খেলা জাতীয় দল কিংবা ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রকাশ্যেই স্থানীয় পর্যায়ে খেপ খেলছেন চুক্তিবদ্ধ ফুটবলাররা। সম্প্রতি জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেনদের খেপ খেলার বিষয়টি ফুটবল ফেডারেশনের মতো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজরেও এসেছে। এরই মধ্যে খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেছেন, এই খেপ খেলার ব্যাপারে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বাফুফে। এ বিষয়ে ফুটবলারদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীও। তিনি বলেছেন, টাঙ্গাইল ও ঝিনাইদহে গিয়ে জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের খেপ খেলতে দেখেছেন। ক্রীড়া ভাতা চালুর পরও খেপ খেলার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমিনুল হক বলেন, এ ব্যাপারে এখন সতর্ক করে দেওয়া হলো। পরে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

খেপ খেললে ফুটবলারদের চোটের ঝুঁকি থাকে। কেননা, খেপ খেলার মাঠগুলো সাধারণত অমসৃণ, কাদাটে ও অনিরাপদ হয়। এই খেপ খেলতে গিয়ে অনেক ফুটবলারের ক্যারিয়ারই শেষ হয়ে গেছে। সুযোগ-সুবিধা বৃদ্ধি করার পরও খেলোয়াড়দের এমন মানসিকতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যেখানে আমরা খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা দিচ্ছি, সরকার তাদের মাসিক ভাতা দিচ্ছে, সে ক্ষেত্রে তাদের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন এবং দেশের ও নিজের প্রতি যে কমিটমেন্টের অভাবÑসেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতোমধ্যে পেয়েছি।’ খেপ খেলা ফুটবলারদের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রীর বার্তা, ‘আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই, তারপর হয়তো ব্যবস্থা নেওয়ার চিন্তা করব।’

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন