গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

স্পোর্টস রিপোর্টার

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। এবার লক্ষ্য গ্রুপ-সেরা হওয়া। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

সমীকরণ অবশ্য বাংলাদেশের জন্য সহজ নয়। গোল ব্যবধানে এগিয়ে থাকা ভারত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে শীর্ষস্থান নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে।

ম্যাচের আগে বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার এটিকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন। তার মতে, এমন ম্যাচই ফুটবলারদের প্রকৃত পরীক্ষা নেয়।

বাটলার বলেন, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে সব খেলোয়াড়ই মুখিয়ে থাকে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের চেয়ে এ ধরনের লড়াই অনেক বেশি আকর্ষণীয়। কারণ এই ম্যাচগুলোতেই বোঝা যায় দল কতটা এগিয়েছে এবং বড় প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের কোথায় দাঁড় করাতে পারে।

বাংলাদেশ দলের তরুণ ফুটবলারদের নিয়েও আশাবাদী এই ব্রিটিশ কোচ। প্রীতি, সাগরিকা, মৌমিতা ও অর্পিতার মতো খেলোয়াড়দের উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মের ফুটবলাররা দলে প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে, যা দলের সামগ্রিক মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

গত ম্যাচে মিডফিল্ডার মনিকা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিমকে পায়নি বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে। শিউলি জানিয়েছেন, গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে মালদ্বীপের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন।

মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। একসময় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও সমতায় ফিরতে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই ম্যাচ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বাটলার।

তার মতে, হতাশার মূল কারণ ছিল সুযোগ নষ্ট করা। ম্যাচে বলের দখল ও নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছেই ছিল, কিন্তু তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগানো যায়নি। বিশেষ করে ঋতুপর্ণা চাকমার দিনটা প্রত্যাশামতো যায়নি বলে মন্তব্য করেন তিনি। তবে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার হিসেবে ঋতুপর্ণার ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচের।

ভারতকে সমীহ করলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না বাটলার। তার বিশ্বাস, বর্তমান বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি পরিণত ও আক্রমণাত্মক।

তিনি বলেন, “আমরা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। আমাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আনিকা দলে নতুন মাত্রা যোগ করেছে। ভারত যেমন আক্রমণ করতে পারে, আমরাও পারি। প্রয়োজন হলে রক্ষণ সামলাতে পারি, আবার সুযোগ পেলে আক্রমণেও যেতে পারি। মূল বিষয় হলো সুযোগগুলোকে গোলে রূপ দেওয়া।”

আজকের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপের কোন অবস্থানে শেষ করবে। বাংলাদেশ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। পয়েন্টে ভারতকে ছাড়িয়ে শীর্ষস্থান নিয়ে সেমিফাইনালে উঠবে সাবিনা-মারিয়ারা। এতে নকআউট পর্বে তুলনামূলক অনুকূল প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

ম্যাচ ড্র হলে পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হবে। বাংলাদেশ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে যাবে। বাংলাদেশ হারলে ভারত পরিষ্কারভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশ দ্বিতীয় স্থান নিয়ে শেষ চার নিশ্চিত করবে। তবে সেমিফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়বে।

বাংলাদেশের জন্য এটি শুধু গ্রুপ সেরা হওয়ার লড়াই নয়, বরং শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের শক্তির বড় পরীক্ষা। আর ভারতের জন্য এটি নিজেদের ফেভারিট প্রমাণ করার মঞ্চ।

সব মিলিয়ে সেমিফাইনালের আগেই আজকের ম্যাচটি হয়ে উঠতে পারে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও হাইভোল্টেজ লড়াই।

ভারত সম্প্রতি এশিয়ান পর্যায়ের প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। স্বাগতিক সুবিধাও তাদের পক্ষে থাকবে। তবে বাংলাদেশের সাম্প্রতিক উত্থান এবং টানা দুইবারের সাফ শিরোপা জয় এই ম্যাচকে আরও জমজমাট করে তুলেছে।

সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলেও আজকের লড়াই তাই শুধুই গ্রুপ সেরার নয়, বরং দক্ষিণ এশিয়ার দুই সেরা নারী ফুটবল দলের শ্রেষ্ঠত্বেরও পরীক্ষা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...