পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ

পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ

রাতের আকাশে পৃথিবীর সবচেয়ে পরিচিত সঙ্গী চাঁদ-তারা। কখনো পূর্ণিমার উজ্জ্বল আলো, কখনো অর্ধচন্দ্র, আবার কখনো সরু একফালি চাঁদ—পৃথিবী থেকে প্রতিদিনই আমরা এর ভিন্ন ভিন্ন রূপ দেখি। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। কিন্তু লক্ষণীয় বিষয় যে, এই পরিচিত উপগ্রহটি ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীদের পরিসংখ্যান ও পরিমাপ অনুযায়ী, চাঁদ বর্তমানে প্রতিবছর গড়ে প্রায় ৩ দশমিক ৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, প্রতিবছর দূরত্ব কয়েক সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোটি কোটি বছরের হিসাবে এই পরিবর্তন মহাকাশের এক গুরুত্বপূর্ণ বিবর্তনের অংশ।

আরো বিস্ময়কর হলো, চাঁদের এই দূরে সরে যাওয়ার সঙ্গে পৃথিবীর দিনের দৈর্ঘ্য এবং সূর্যগ্রহণের গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানীদের হিসাব বলছে, কোটি বছর পর এমন সময় আসতে পারে, যখন পৃথিবী থেকে আর কখনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা সম্ভব হবে না। কেন এমন হচ্ছে? কীভাবে বিজ্ঞানীরা চাঁদের দূরত্ব মাপলেন? আর চাঁদ দূরে সরে যাওয়ার পেছনে কাজ করছে কোন মহাজাগতিক শক্তি? তা সম্পর্কে আজ জানব।

বিজ্ঞাপন

পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। তবে এই দূরত্ব সবসময় এক থাকে না। চাঁদের কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা উপবৃত্তাকার। তাই পৃথিবীর চারদিকে ঘোরার সময় কখনো এটি পৃথিবীর কাছাকাছি আসে, আবার কখনো তুলনামূলক দূরে চলে যায়। কিন্তু দীর্ঘমেয়াদি হিসাবে চাঁদের কক্ষপথের গড় দূরত্ব ক্রমেই বাড়ছে। নাসার তথ্য অনুযায়ী, এই দূরত্ব বৃদ্ধির বর্তমান গড় হার বছরে প্রায় ৩ দশমিক ৮ সেন্টিমিটার বা দেড় ইঞ্চি। সংখ্যায় খুব সামান্য মনে হলেও মহাকাশের দীর্ঘ সময়ের হিসাবে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। পৃথিবী থেকে পাঠানো লেজার রশ্মি ব্যবহার করে এবং গাণিতিকভাবে চাঁদের দূরত্বের এই পরিবর্তন পরিমাপ করা হয়েছে বলে জানান বিজ্ঞানীরা।

চাঁদের দূরত্ব মাপার সবচেয়ে নির্ভুল পদ্ধতিগুলোর একটি হলো Lunar Laser Ranging বা চন্দ্র-লেজার দূরত্ব পরিমাপ। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ অভিযানের নভোচারীরা চাঁদের পৃষ্ঠে বিশেষ লেজার প্রতিফলক স্থাপন করেন। পরবর্তী সময়ে অ্যাপোলো ১৪ ও অ্যাপোলো ১৫ অভিযানেও এ ধরনের প্রতিফলক স্থাপন করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনোখদ রোভারেও প্রতিফলক বসানো হয়েছিল। এই পদ্ধতিতে পৃথিবীর নির্দিষ্ট পর্যবেক্ষণকেন্দ্র থেকে শক্তিশালী লেজার রশ্মির ছোট ছোট পালস চাঁদের পৃষ্ঠে স্থাপিত প্রতিফলকের দিকে পাঠানো হয়। প্রতিফলক থেকে ফিরে আসা আলো শনাক্ত করে বিজ্ঞানীরা হিসাব করেন, আলোটি পৃথিবী থেকে চাঁদে গিয়ে আবার ফিরে আসতে কত সময় নিয়েছে।

আমরা জানি, আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার গতিতে চলে। তাই যাওয়া-আসার সময় থেকে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব। দীর্ঘদিন ধরে এই পরিমাপ চালিয়ে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে শুধু চাঁদের দূরত্বের পাশাপাশি পৃথিবী-চাঁদব্যবস্থার গতিবিদ্যা, পৃথিবীর ঘূর্ণন এবং মহাকর্ষীয় মিথস্ক্রিয়া সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার মূল কারণ পৃথিবী ও চাঁদের মধ্যকার মহাকর্ষীয় আকর্ষণ এবং সমুদ্রের জোয়ার-ভাটার সঙ্গে সম্পর্কিত একটি জটিল প্রক্রিয়া।

চাঁদের মহাকর্ষীয় আকর্ষণে পৃথিবীর সমুদ্রের পানিতে জোয়ার সৃষ্টি হয়। পৃথিবীর যে অংশ চাঁদের দিকে থাকে, সেখানে পানির উচ্চতা বাড়ার প্রবণতা দেখা যায়। পাশাপাশি পৃথিবীর বিপরীত পাশেও আরেকটি জোয়ারের স্ফীতি তৈরি হয়। এ কারণেই অনেক উপকূলীয় অঞ্চলে প্রতিদিন সাধারণত দুবার জোয়ার ও দুবার ভাটা দেখা যায়। এখন প্রশ্ন হলো, জোয়ারের সঙ্গে চাঁদের দূরত্বের সম্পর্ক কী?

পৃথিবী নিজের অক্ষে চাঁদের কক্ষপথে ঘোরার তুলনায় দ্রুত ঘোরে। ফলে পৃথিবীর সমুদ্রের জোয়ারের স্ফীতি চাঁদের অবস্থানের ঠিক নিচে না থেকে কিছুটা সামনে এগিয়ে থাকে। এই স্ফীত পানির মহাকর্ষীয় আকর্ষণ চাঁদের ওপর একটি টান সৃষ্টি করে। এর ফলে চাঁদ তার কক্ষপথে শক্তি ও কৌণিক ভরবেগ পায় এবং ধীরে ধীরে আরো দূরের কক্ষপথে চলে যায়। অন্যদিকে, এই একই প্রক্রিয়ায় পৃথিবীর ঘূর্ণনশক্তির একটি অংশ কমে যায়। ফলে পৃথিবীর ঘূর্ণন সামান্য ধীর হয় এবং দিনের দৈর্ঘ্য দীর্ঘ হতে থাকে। সহজভাবে বললে, পৃথিবীর ঘূর্ণন থেকে কিছু কৌণিক ভরবেগ চাঁদের কক্ষপথে স্থানান্তরিত হয়। এর ফলেই পৃথিবীর ঘূর্ণন ধীর হচ্ছে এবং চাঁদ দূরে সরে যাচ্ছে।

চাঁদ পৃথিবী থেকে এত দূরে চলে গেলেও সূর্য ও পৃথিবীর মাঝখানে আসতে পারবে। তবে তখন আকাশে তার আপাত আকার সূর্যের চেয়ে ছোট হবে। ফলে সূর্যের মাঝের অংশ ঢেকে গেলেও চারপাশে উজ্জ্বল বলয়ের মতো অংশ দেখা যাবে। একে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ বা Annular Solar Eclipse। এ ধরনের গ্রহণের সময় সূর্যকে অনেকটা আগুনের আংটির মতো দেখায়। এর কারণ হলো, চাঁদ সূর্যের পুরো দৃশ্যমান চাকতি ঢাকতে পারে না। ফলে চাঁদের চারপাশে সূর্যের একটি উজ্জ্বল বলয় দৃশ্যমান থাকে।

বর্তমানেও এমন ঘটনা ঘটে। চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় কখনো এটি পৃথিবীর তুলনামূলক কাছে থাকে, আবার কখনো দূরে থাকে। চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে, তখন তার আপাত আকার ছোট হয়ে যায়। ফলে সূর্য ও চাঁদ একই সরলরেখায় এলেও সূর্য পুরোপুরি ঢাকা পড়ে না। তখন বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। অর্থাৎ, ভবিষ্যতে পূর্ণ সূর্যগ্রহণ বন্ধ হয়ে গেলেও বলয়গ্রাস সূর্যগ্রহণের মতো ঘটনা ঘটতে পারে।

চাঁদ দূরে সরে যাচ্ছে শুনে মনে হতে পারে, একসময় এটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ ছাড়িয়ে মহাকাশে হারিয়ে যাবে। কিন্তু বিষয়টি এমন নয়। চাঁদের বর্তমান দূরত্ব বৃদ্ধির হারকে কোটি কোটি বছর ধরে অপরিবর্তিত ধরে ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। কারণ পৃথিবীর সমুদ্রের গভীরতা, মহাদেশের অবস্থান, সমুদ্রতলের আকৃতি, পৃথিবীর ঘূর্ণন এবং সূর্যের মহাকর্ষীয় প্রভাব—সবকিছুই জোয়ারজনিত শক্তির আদান-প্রদানে ভূমিকা রাখে। ফলে চাঁদের দূরে সরে যাওয়ার হারও সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন