সাইবার প্রতারকদের নতুন ফাঁদ

সাইবার প্রতারকদের নতুন ফাঁদ

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে দেশের ব্যাংকিং ও আর্থিক লেনদেন ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। একসময় ব্যাংকে গিয়ে টাকা জমা, উত্তোলন কিংবা অর্থ স্থানান্তর করতে হতো। এখন স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই কয়েক মুহূর্তে এসব কাজ করা যাচ্ছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে আর্থিক লেনদেন হয়েছে অনেক সহজ ও দ্রুত। তবে এই সুবিধার পাশাপাশি বেড়েছে সাইবার প্রতারণার ঝুঁকিও।

বিজ্ঞাপন

যেভাবে ফাঁদে ফেলছে

সাইবার প্রতারকরা সাধারণত মানুষের অসচেতনতা, ভয়, লোভ ও প্রযুক্তিগত অজ্ঞতাকে কাজে লাগায়। অনেক সময় ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার কর্মকর্তা পরিচয়ে ফোন করে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো হয়। আবার কখনো পুরস্কার, ক্যাশব্যাক কিংবা বিশেষ অফারের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় ভুয়া লিংক। এসব লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিলে প্রতারকরা পাসওয়ার্ড, কার্ডের তথ্য, ওটিপি কিংবা অ্যাকাউন্টের অন্যান্য নিরাপত্তা-সংক্রান্ত তথ্য পেয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীর অজান্তেই অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ তৈরি হয়। এরপর ধাপে ধাপে অর্থ সরিয়ে নেওয়া হয়। কিছু প্রতারক আবার কাস্টমার কেয়ার বা পরিচিত কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে ফোন করে সমস্যার সমাধানের কথা বলে পিন ও ওটিপি জানতে চায়। মনে রাখতে হবে, প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা ফোন করে গ্রাহকের গোপন পিন বা ওটিপি জানতে চাইবেন না।

নতুন কৌশল

দেশে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা সাইবার প্রতারণার ভয়াবহতা সামনে এনেছে। চলতি বছরের ১২ নভেম্বর সিলেটে এক আইনজীবীর সোনালী ব্যাংক হিসাব থেকে একাধিক ডিজিটাল লেনদেনের মাধ্যমে ৩৫ লাখ টাকা সরানোর অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, তার কোনো ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ছিল না। এর আগে ৬ নভেম্বর চট্টগ্রামে এক পোশাকশ্রমিকের মোবাইল ফোন হারানোর পর তার এমএফএস অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার ১৫ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তার জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে কাস্টমার কেয়ার থেকে অস্থায়ী পিন সংগ্রহের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। এ বছরের ২৯ সেপ্টেম্বর বাগেরহাটে সিম ক্লোন করে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ২০টি সিম ও ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে ১৮ আগস্ট হবিগঞ্জে এক এনজিও কর্মকর্তার ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর গত ৫ জুন চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যবসায়ীর জিমেইল ও অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করে একটি চক্র। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ১৮টি এমএফএস-নিবন্ধিত সিম, আটটি ব্যাংকের চেকবই ও তিনটি ব্যাংক কার্ড জব্দ করা হয়। এসব ঘটনা দেখাচ্ছে, প্রতারকরা এখন শুধু পিন বা ওটিপি হাতিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই; ই-মেইল হ্যাকিং, সিম ক্লোনিং ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেও অর্থ আত্মসাৎ করছে।

যেসব ভুলে হারাতে পারেন টাকা

ডিজিটাল লেনদেনে কয়েকটি সাধারণ ভুল বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অনেকেই ফোনে পরিচিত বা প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তির কাছে ওটিপি, পিন কিংবা পাসওয়ার্ড জানিয়ে দেন। এ ধরনের তথ্য কাউকে দেওয়া যাবে না। কোনো অবস্থাতেই গোপন কোড অন্যের সঙ্গে শেয়ার করা নিরাপদ নয়। পুরস্কার, উপহার, ক্যাশব্যাক কিংবা অ্যাকাউন্ট হালনাগাদের নামে আসা অপরিচিত লিংকে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ। এসব লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নাম্বার কিংবা সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করলে অ্যাকাউন্টের নিরাপত্তা দুর্বল হয়। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। মোবাইল ফোন বা সিম হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সিম বন্ধ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ছবি, ব্যাংক-সংক্রান্ত তথ্য কিংবা ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য অপরিচিত কারো কাছে দেওয়া উচিত নয়। অনির্ভরযোগ্য ওয়েবসাইট বা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করলে ফোনের তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে। তাই অ্যাপ ব্যবহারের আগে এর উৎস ও অনুমতিগুলো যাচাই করা জরুরি।

সতর্কতা জরুরি

ডিজিটাল লেনদেন নিরাপদ রাখতে প্রথমেই ব্যাংক, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও এমএফএস অ্যাকাউন্টে শক্তিশালী এবং আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রাখুন। এতে পাসওয়ার্ড কোনোভাবে অন্যের হাতে গেলেও অতিরিক্ত যাচাই ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ কঠিন হবে। কোনো ব্যক্তি ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার কর্মকর্তা পরিচয়ে ফোন করে পিন, পাসওয়ার্ড কিংবা ওটিপি চাইলে তা দেবেন না। সন্দেহজনক লিংকে প্রবেশ করা বা অপরিচিত কাউকে ফোনের নিয়ন্ত্রণ দেওয়া থেকে বিরত থাকুন। নিয়মিত অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ পরীক্ষা করুন। অস্বাভাবিক কোনো লেনদেন চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।

কোনো অবস্থাতেই ওটিপি, পিন বা পাসওয়ার্ড অন্যের সঙ্গে শেয়ার করবেন না। অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল, এসএমএস কিংবা লিংকের বিষয়ে সতর্ক থাকুন। ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর কোনো ধরনের সাইবার অপরাধ বা অনলাইন প্রতারণার শিকার হলে দেরি না করে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ও নিকটস্থ থানায় যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার সামান্য সচেতনতাই বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে আপনাকে রক্ষা করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...