হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সামুদ্রিক মাইন বিস্ফোরণের শিকার হয়েছে আরো একটি তেলবাহী জাহাজ। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এর ফলে জাহাজটি সাগরে অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।
সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ। তাদের দাবি, জাহাজটি একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশের পর মাইনে আঘাতপ্রাপ্ত হয়।
বিবৃতিতে বলা হয়, ‘জাহাজের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ রাখা এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশের ফলে সংশ্লিষ্ট জাহাজগুলো গুরুতর বিপদের মুখে পড়তে পারে।’
তবে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির নাম-পরিচয় প্রকাশ করেনি ইরানের নৌবাহিনী। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাহারায় হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের সময় সাগরে পেতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ কথা জানায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



