কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হোসে মারিয়া নেভেস

 কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হোসে মারিয়া নেভেস
হোসে মারিয়া নেভেস।। ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হোসে মারিয়া নেভেস। রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন তিনি। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, নেভেস পেয়েছেন ৬৩ দশমিক ৮ শতাংশ ভোট।

বিজ্ঞাপন

রাজধানী প্রাইয়া থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে নেভেসের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো। তবে নির্বাচনের আগে থেকেই এগিয়ে ছিলেন নেভেস। প্রায় ৪ লাখ ২০ হাজার ভোটার এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষণে পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস), আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।

আটলান্টিক মহাসাগরে সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত কেপ ভার্দে। ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দেশটি পর্যটন গন্তব্য হিসেবেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

চলতি বছর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় দেশটির জাতীয় ফুটবল দল বিশ্বজুড়ে আলোচনায় আসে। এ ছাড়া হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরি দেশটির উপকূলে নোঙর করার ঘটনাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়।

স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত

পশ্চিম আফ্রিকার কয়েকটি প্রতিবেশী দেশে সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা গেলেও কেপ ভার্দে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিকে আফ্রিকার গণতন্ত্রের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

স্থানীয় ক্রেওল ভাষায় ‘মোরাবেজা’ শব্দের অর্থ আতিথেয়তা। এ বৈশিষ্ট্যের জন্যও পরিচিত দেশটি। কেপ ভার্দের সমাজে রয়েছে উন্মুক্ত মনোভাব ও বর্ণাঢ্য কার্নিভালের ঐতিহ্য। দেশটির নিজস্ব সংগীতধারাও রয়েছে।

মো. ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৬ সালের বৈশ্বিক সুশাসন সূচকে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে কেপ ভার্দে।

রাজনৈতিক কাঠামোর দিক থেকে দেশটিতে আধা-রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা চালু রয়েছে। তবে নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে। প্রেসিডেন্ট সরাসরি সরকার পরিচালনা করেন না। বরং জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব পালন করেন তিনি।

পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন। পাশাপাশি বিদেশে দেশের প্রতিনিধিত্বও করেন তিনি।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন নেভেস

২০২১ সালে প্রথমবার কেপ ভার্দের প্রেসিডেন্ট নির্বাচিত হন হোসে মারিয়া নেভেস। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি কেপ ভার্দের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টির (পিএআইসিভি) সভাপতিও ছিলেন।

এ ছাড়া রাজনৈতিক জীবনে মেয়র ও আইনপ্রণেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন নেভেস। এবার নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...