‘ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত মালিক আল্লাহ’Ñকাবার ভেতরে প্রবেশ করে বললেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

‘ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত মালিক আল্লাহ’Ñকাবার ভেতরে প্রবেশ করে বললেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট
মক্কায় গ্র্যান্ড মসজিদে ২ নভেম্বর সফরের সময় কালো পাথরে চুম্বন করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু

পবিত্র ওমরাহ পালনের সময় মক্কার মসজিদুল হারামে অবস্থিত পবিত্র কাবার ভেতরে প্রবেশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। গতকাল সৌদি আরব সফরকালে তিনি এ বিরল সুযোগ পান। ২০১৬ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পর কাবার ভেতরে প্রবেশ করা দ্বিতীয় নাইজেরীয় প্রেসিডেন্ট তিনি।

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে কাবার ভেতরে প্রবেশের পাশাপাশি হাজরে আসওয়াদেও চুম্বন করেন টিনুবু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

এ বিরল সুযোগ দেওয়ায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। নাইজেরিয়ার প্রেসিডেন্সির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ অভিজ্ঞতাকে জীবনের অত্যন্ত স্মরণীয় ও আবেগঘন ধর্মীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

টিনুবু বলেন, ‘আমাকে এ সম্মান ও স্বীকৃতি দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কাবার চারপাশের সবুজ, সাদা ও সবুজ রঙের বেড়া দেখে আমি বিস্মিত হয়েছি। এটি আমাদের নাইজেরিয়ার জাতীয় পতাকার রঙের কথা মনে করিয়ে দেয়।’

সৌদি নেতৃত্বের আতিথেয়তার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি। তার ভাষায়, কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া ছিল বিশেষ সম্মানের। এটি তার জীবনের একটি ঐতিহাসিক অভিজ্ঞতা।

কাবার ভেতরে কী প্রার্থনা করেছেন টিনুবু

পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দেশের মানুষের সেবা অব্যাহত রাখার জন্য আল্লাহর কাছে প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা চেয়েছেন বলে জানান টিনুবু।

তিনি বলেন, ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওমরাহ পালন করতে এসে আল্লাহর কাছে সাহায্য ও বরকত চেয়েছিলেন। তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুযোগ পেলে আবারও পবিত্র ভূমিতে ফিরে এসে কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

এ সময় পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের কথাও উল্লেখ করেন তিনি। ওই আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা ও রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা কেড়ে নেন।

টিনুবু বলেন, ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত মালিক আল্লাহ। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের ক্ষেত্রে তা যথাযথভাবে ব্যবহার করা উচিত।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়াকে আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিনুবু আরো বলেন, এ আধ্যাত্মিক অভিজ্ঞতা নাইজেরিয়ার উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সমৃদ্ধ দেশ গড়ে তোলার ব্যাপারে তার সংকল্প আরো দৃঢ় করেছে।

তিনি বলেন, ‘নাইজেরিয়ার উন্নয়ন প্রকল্পের প্রতি আমার অঙ্গীকার আরো বেড়েছে। আল্লাহর ইচ্ছা ও জনগণের সমর্থন নিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং পূর্ণাঙ্গ উন্নয়ন নিশ্চিত করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

দেশের ভবিষ্যৎ আরো সুন্দর করতে নেতাদের বিবেকের নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং জনকল্যাণমূলক নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয়বার ওমরাহ পালন

২০২৩ সালের ২৯ মে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি টিনুবুর দ্বিতীয় ওমরাহ পালন। এর আগে ২০২৩ সালের নভেম্বরে রিয়াদে সৌদি-আফ্রিকা সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি প্রথমবার ওমরাহ পালন করেন।

গত ২৯ অক্টোবর নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন টিনুবু। ওই দিনই তিনি সৌদি আরবে পৌঁছান। ৩০ অক্টোবর মসজিদুল হারামে ওমরাহ পালন করেন তিনি। এরপর ২ নভেম্বর পবিত্র কাবার ভেতরে প্রবেশের বিরল সুযোগ পান নাইজেরিয়ার এই প্রেসিডেন্ট।

সূত্র: সিয়াসাত ডেইলি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...