কিরণ বললেন, ‘নো কমেন্টস ব্রাদার’

কোচ নিয়োগ ইস্যুতে বাফুফেতে দ্বন্দ্ব

কোচ নিয়োগ ইস্যুতে বাফুফেতে দ্বন্দ্ব

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছে তারা। এমন গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। বর্তমানে নারী দলের কোচ পিটার বাটলার ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ দেশ ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সময় সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল। তাই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দুই ম্যাচের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ফ্রান্সের এরিক মেয়ারকে। মূলত এই কোচ নিয়োগ ঘিরেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের মধ্যকার দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে।

গত ২৬ নভেম্বর বাফুফে ভবনে নারী দলের সিঙ্গাপুর সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন নারী উইংয়ের প্রধান কিরণ। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় দলের দায়িত্ব পালন করার মতো অভিজ্ঞতা কিংবা যোগ্যতা কোনোটিই নেই ফরাসি কোচের। শুধু তাই নয়, বাফুফের টেকনিক্যাল বিভাগ থেকে তাকে যে তিন কোচের জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছিল, সেখানে কাউকেই সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য মনে হয়নি তার। কিরণের মতে, বাফুফের বাছাই করা কোচের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই, প্রো লাইসেন্সও নেই। এই কোচদের ঠিকানা জাতীয় দলে নয়, বড়জোর হতে পারে বয়সভিত্তিক দলে। তবে নারী দলের নতুন কোচ মেয়ারের নিয়োগের বিষয়ে আর বিস্তারিত ব্যাখ্যা দিতে চাননি কিরণ। তখন তিনি বলেছিলেন, ‘টক টু প্রেসিডেন্ট প্লিজ। আমারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। আমি একেবারে সর্বোচ্চ কর্তৃপক্ষ নই।’

বিজ্ঞাপন

কোচ নিয়োগ ঘিরে কিরণ যে প্রশ্ন তুলেছেন, অবশ্য সেটির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, মূলত তিনটি কারণে আপৎকালীন কোচ হিসেবে মেয়ারকে নিয়োগ দিয়েছেন তারা। প্রথমত, নিয়মিত কোচ বাটলার অসুস্থ। সিঙ্গাপুর ম্যাচের জন্য কোচ নিয়োগের ক্ষেত্রে সময় স্বল্পতা ছিল। তাছাড়া আগের কোচ বাটলারের খেলার ধরন ধরে রাখার জন্য মেয়ারকে চূড়ান্ত করা হয়। কিন্তু নারী উইংয়ের প্রধান কিরণ কোনো কোচকেই যোগ্য মনে করেননি। তাই তার কাছে তিনজনের নাম পাঠালেও কারো ব্যাপারে কোনো কথাই বলেননি কিরণ। তাই বিশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই নির্বাহী ক্ষমতা বলে নতুন কোচ নিয়োগ দিয়েছেন বাফুফে সভাপতি। তাবিথ আউয়াল জানান, বাফুফেতে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই। কিরণের সঙ্গে মতপার্থক্যের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘সভাপতি ও নারী কমিটির চেয়ারম্যানের মধ্যে দূরত্ব নেই। এটা দায়িত্বের প্রক্রিয়ার মধ্যে হয়েছে। নারী কমিটির চেয়ারম্যান এবং টেকনিক্যাল ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কোচের অনুপস্থিতি এবং কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় সভাপতিকে নির্বাহী ক্ষমতাবলে একটি সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান নিয়োগটি শুধু সিঙ্গাপুরে অনুষ্ঠেয় দুটি ম্যাচের জন্য একটি অন্তর্বর্তীকালীন নিয়োগ। কোনো যথাযথ লাইসেন্সধারী কোচ মাত্র চার সপ্তাহের জন্য আসতে চাইবেন না।’

নারী দলের কোচিং নিয়ে কিরণের অসন্তুষ্টির বিষয়টি পুরোনো। সাফ চ্যাম্পিয়নশিপের সময় কোচ বাটলারের দল নির্বাচন ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন কিরণ। সেই সময়েও কিরণের অবস্থান এবং কোচের সঙ্গে দূরত্বের বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। এর আগে দেশের নারী ফুটবলের সফল কোচ গোলাম রব্বানী ছোটনের বাফুফে ছাড়ার নেপথ্যে নারী উইংয়ের অবদান ছিল। একজন অভিজ্ঞ সংগঠক এবং এএফসি ও ফিফা কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কিরণের যেকোনো গঠনমূলক সমালোচনা অবশ্যই প্রশংসার দাবিদার। একটি জাতীয় দলের সর্বোচ্চ মান নিশ্চিত করার ক্ষেত্রে সেটি জরুরিও বটে। কিন্তু প্রশ্ন উঠেছে তার কাজের ধরন নিয়ে। কোচ নিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল বিষয় কিংবা প্রক্রিয়া নিয়ে কোনো আপত্তি থাকলে সেটি ফেডারেশনের নির্বাহী কমিটির সঙ্গে সরাসরি আলোচনা করতে পারতেন কিরণ। কিন্তু তা না করে সংবাদ সম্মেলনে কোচের নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তুললেন তিনি। ফেডারেশনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো মতবিরোধ থাকলে তা বাফুফের কমিটির ভেতর আলোচনা করে সমাধান বের করাই নিয়ম। কিন্তু প্রকাশ্যে কোচ নিয়োগ নিয়ে কিরণের মন্তব্যে স্পষ্ট হয়েছে, বাফুফেতে কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান। এ প্রসঙ্গে আমার দেশের পক্ষ থেকে মাহফুজা আক্তার কিরণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চান না। খুদে বার্তায় তিনি বলেন, ‘নো কমেন্টস ব্রাদার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন