বিশ্বকাপ মানেই ব্রাজিলকে ঘিরে বাড়তি প্রত্যাশা। প্রতিটি আসরেই অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামে সেলেসাওরা। তবে ২০০২ সালের পর থেকে শিরোপার দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও তাদের ঘিরে উন্মাদনার কমতি নেই, কিন্তু এক জার্মান অর্থনীতিবিদের ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে ফুটবল বিশ্বে।
জার্মান বিনিয়োগ বিশ্লেষক ও অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্টের দাবি, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্ব পেরোলেও নকআউটের শুরুতেই বিদায় নেবে। তার বিশেষ গাণিতিক মডেল অনুযায়ী, রাউন্ড অব ৩২ থেকেই ছিটকে পড়বে সেলেসাওরা। অন্যদিকে, ইতিহাসে কখনো বিশ্বকাপ জিততে না পারা নেদারল্যান্ডস এবার প্রথমবারের মতো ট্রফি ঘরে তুলবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
ক্লেমেন্টের পূর্বাভাসকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন একটি বিশেষ কারণে। এর আগে টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিলেন তিনি। ২০১৪ সালে জার্মানির শিরোপা জয়, ২০১৮ সালে ফ্রান্সের সাফল্য এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস তার মডেলেই উঠে এসেছিল।
তার সর্বশেষ সিমুলেশন বলছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে ডাচরা।
ক্লেমেন্টের ব্যবহৃত মডেলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়া, ফিফা র্যাঙ্কিং এবং স্বাগতিক দেশের সুবিধা। তার মতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো ফুটবল অবকাঠামো ও প্রতিভা বিকাশে বেশি বিনিয়োগ করতে পারে। একইসঙ্গে জনসংখ্যা বেশি হলে প্রতিভা খুঁজে পাওয়ার সম্ভাবনাও বাড়ে। এছাড়া আবহাওয়া ও বর্তমান দলের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তার হিসাব অনুযায়ী, নেদারল্যান্ডসের শিরোপা যাত্রাও সহজ হবে না। নকআউট পর্বে মরক্কো, কানাডা ও ফ্রান্সকে হারানোর পর সেমিফাইনালে স্পেনকে পেরিয়ে ফাইনালে উঠবে ডাচরা।
তবে নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে শতভাগ নিশ্চিত নন ক্লেমেন্টও। তিনি মনে করেন, ফুটবলে ভাগ্যের প্রভাবও অনেক বড়। তার ভাষায়, দুই দলের শক্তি কাছাকাছি হলে অনেক সময় ম্যাচের ফল নির্ধারণ করে দিনের পরিস্থিতি ও সৌভাগ্য।
এখন দেখার বিষয়, ক্লেমেন্টের অ্যালগরিদম আবারও বাস্তবের সঙ্গে মিলে যায় কি না, নাকি মাঠের লড়াইয়ে সব হিসাব পাল্টে দিয়ে ব্রাজিল কিংবা অন্য কোনো পরাশক্তি বিশ্বকাপ জয়ের উৎসবে মাতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

