‘তোমাদের খুঁজে বের করা হবে’, ২ মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

‘তোমাদের খুঁজে বের করা হবে’, ২ মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি
মার্কিন নৌ কর্মকর্তা লেই আর টেট ও জেফরি ই ইয়র্ক। ছবি: ইন্ডিয়া টুডে

ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ওই হামলায় ১৬৮ শিশুর প্রাণহানির অভিযোগ তুলে হামলার নির্দেশদাতা হিসেবে দুই কর্মকর্তাকে শনাক্ত করেছে তেহরান। তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই দুই কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে এ হুমকি দেয়। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দূতাবাসের শনাক্ত করা দুই কর্মকর্তা হলেন—ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।

গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তাদের ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

এর আগে গত ২৮ মার্চ দেওয়া এক পোস্টেও ওই দুই কর্মকর্তাকে অভিযুক্ত করেছিল ইরানি দূতাবাস। তাদের বিরুদ্ধে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। ওই হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছিল।

সে সময় দূতাবাসের পোস্টে লেখা হয়েছিল, ‘এ দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তোলা হয়, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’

এদিকে ইরানি দূতাবাসের সর্বশেষ হুমকির এক দিন আগে, গত শুক্রবার ৩৫৭ দিনের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স সান দিয়েগো বন্দরে ফিরে আসে। দীর্ঘ এই মোতায়েনকালে জাহাজটি ইরানি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানেও অংশ নেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...