আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় আবেগাপ্লুত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে মেসির অবদান স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
এএফএ তাদের বার্তায় মেসিকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। ‘ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।’
এর আগে আবেগঘন এক বার্তায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মেসি। তিনি বলেন, ‘অনেক ভেবে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’ সিদ্ধান্তটি তার জন্য সহজ ছিল না বলেও জানান আর্জেন্টাইন মহাতারকা।
জাতীয় দলের জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে মেসি বলেন, ‘আমি সব সময় সবকিছু দিয়েছি। এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্বটা আপনাদের আরও অনুভব করানোর জন্য আমি সব সময় লড়ে গেছি।’
বিদায়ের মুহূর্তকে কষ্টের উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জাতীয় দলকে ভালোবাসি, ভালোবেসেছি এবং সব সময় ভালোবাসব।’ একই সঙ্গে ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানান তিনি।
মেসি আরও স্মরণ করেছেন পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের অবদান। তাদের সঙ্গে পাওয়া স্মৃতিগুলোকে নিজের জীবনের অমূল্য অর্জন হিসেবে উল্লেখ করে শান্তি ও গর্ব নিয়েই বিদায় নেওয়ার কথা জানান তিনি। সবশেষে ভক্তদের উদ্দেশে মেসির তিনটি শব্দ, ‘আমি তোমাদের ভালোবাসি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

