কোচ টমাস ডুলির অধীনে আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এই কোচের কৌশল ও পরিকল্পনা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই এই কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফে ন্যাশনাল টিমস কমিটির বৈঠক শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, কোচ ডুলির সঙ্গে তাদের কমিটির সদস্যের খোলামেলো আলোচনা হয়েছে। সভায় কোচ ডুলির বিষয়টিই বেশি প্রাধান্য পেয়েছে।
আমিরুল বাবু বলেন, ‘জাতীয় দলের কোচ থমাস ডুলিকে নিয়েই আমাদের মূল আলোচনার বিষয় ছিল। সভায় ডুলি নিজেও উপস্থিত ছিলেন। ডুলিকে কিছু প্রশ্ন করা হয়েছে। বিশেষ করে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে আমরা খারাপ করেছি। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। কোচ তার প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা চিন্তা-ভাবনা করে দেখেছি যে, কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদের আরো তার সঙ্গে আমাদের বসতে হবে ।’
তিনি আরো বলেন, ‘কোচের ব্যাপারে আমরা যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তই নিতে পারি। সেটা আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। দেশের জন্য যে সিদ্ধান্ত ভালো হবে, ফুটবলের জন্য যেটা করলে ভালো হবে, খেলোয়াড়দের জন্য যেটা করলে ভালো হবে, দেশের ফুটবল কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে এগিয়ে নিয়ে গেলে জিনিসটা সুন্দর হবে, সেদিকেই কিন্তু প্রেসিডেন্ট সজাগ দৃষ্টি রেখেছেন।’
অন্যদিকে, ইনজুরিতে পড়া সাদউদ্দিনকে ভারত পাঠানোর ব্যবস্থা করছে বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

