যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। একই সঙ্গে তিনি শিল্প খাতের আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দেশীয় প্রযুক্তিনির্ভর শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ে উপমন্ত্রীদের এক বৈঠকে আরেফ বলেন, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে ইরানের শিল্প খাতকে লক্ষ্যবস্তু করেছিল। তবে দ্রুত ও মানসম্মত পুনর্গঠনের মাধ্যমে সেই ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলো ছিল প্রযুক্তিনির্ভর এবং এতে প্রতিপক্ষ তাদের সর্বাধুনিক সক্ষমতা ব্যবহার করেছিল। কিন্তু ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের লক্ষ্য বাস্তবায়ন হতে দেননি। পাশাপাশি যুদ্ধ চলাকালীন দেশটির প্রতিরক্ষা সক্ষমতাও ধারাবাহিকভাবে আরো শক্তিশালী হয়েছে।
আরেফ বলেন, ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের শিল্পনীতি অ্যাসেম্বলনির্ভর শিল্পকে দেশীয় জ্ঞানভিত্তিক শিল্পে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়েছে। গবেষণা ও উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়-শিল্প খাতের সমন্বয়কে এই নীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, জাতীয় উন্নয়ন ভিশন অনুযায়ী উদীয়মান প্রযুক্তিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে আঞ্চলিক নেতৃত্ব অর্জনের লক্ষ্য নিয়েছে ইরান।
তিনি প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ব্রিকস এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো আঞ্চলিক জোটের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। আরেফের দাবি, ‘ইরানভীতি’ সৃষ্টির প্রকল্প ব্যর্থ হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের কৌশল হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারত্ব আরো শক্তিশালী করা।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উন্নত, উদীয়মান এবং দেশীয় প্রযুক্তিনির্ভর শিল্পায়নের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর বিলাসিতা নয়, বরং এটি একটি বাস্তব ও কার্যকর প্রযুক্তি। শিল্প খাতকে স্মার্ট বা বুদ্ধিমান শিল্পে রূপান্তর করা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
এ সময় শিল্প উন্নয়নের জন্য দুই বছরের একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান আরেফ। পাশাপাশি দেশের অটোমোবাইল শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত সমাধান উপস্থাপনের জন্য শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র: মেহের নিউজ
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



