সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ সালের আসরে নিজেদের প্রথম ম্যাচের আগে শেষ প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার ভারতের গোয়ায় ডন বসকো ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে পিটার বাটলারের শিষ্যরা।

বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অনুশীলনে শুরুতে ওয়ার্ম-আপের পর খেলোয়াড়রা অংশ নেন ৫ বনাম ২ পজেশন গেম ও ছোট পরিসরের বিভিন্ন ড্রিলে। পরে কোচিং স্টাফ দলীয় কৌশল, খেলোয়াড়দের পজিশনিং, ম্যাচ সচেতনতা এবং সেট-পিস অনুশীলনে বিশেষ গুরুত্ব দেন।

আগামীকালের ম্যাচকে সামনে রেখে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার লক্ষ্যেই এই অনুশীলন আয়োজন করা হয়। দলীয় সূত্র জানিয়েছে, স্কোয়াডের সব খেলোয়াড় ও কর্মকর্তারা সুস্থ আছেন এবং দলে কোনো গুরুতর ইনজুরির সমস্যা নেই।

আগামীকাল (২৮ মে) মালদ্বীপ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ অভিযান শুরু করবে বাংলাদেশ। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

