ইনফান্তিনোকে নোবেল দেওয়ার দাবি!

ইনফান্তিনোকে নোবেল দেওয়ার দাবি!

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে নেতিবাচক আলোচনা বেশি হলেও উল্টোটাও দেখা গেছে। তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আফ্রিকার অভিজ্ঞ ফুটবল সাংবাদিক মামাদু গায়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি পরিকল্পনাটিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং বিশ্ব ফুটবলের জন্য ‘সেরা উদ্যোগ’ বলে উল্লেখ করেন।

দীর্ঘদিনের ‘সকার আফ্রিকা’ বিশ্লেষক গায়ে ইনফান্তিনোর ভূয়সী প্রশংসাও করেন। তিনি ফিফা সভাপতিকে ‘বৈশ্বিক প্রতিভা’ আখ্যা দিয়ে লেখেন, ইনফান্তিনো নোবেল শান্তি পুরস্কার পাওয়ারও যোগ্য।

বিজ্ঞাপন

ফিফার প্রস্তাব অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ সংস্থার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনা করা হবে। এতে সংখ্যালঘু অংশীদার হিসেবে বেসরকারি বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুযোগ থাকবে। বিনিময়ে সদস্য দেশগুলো অতিরিক্ত অর্থায়নের সুবিধা পাবে।

তবে প্রস্তাবটি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশন কনকাকাফের তীব্র বিরোধিতার মুখে পড়ে। ফিফা সদস্য দেশগুলোকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবটি অনুমোদনের সময় দিলেও ব্যাপক বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ইনফান্তিনো পরিকল্পনাটি প্রত্যাহার করে নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন