ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি হচ্ছে। সান মারিনোর সেরাভালে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। এই প্রথমবার ইউরোপের কোনো দেশের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে অফিসিয়াল ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সিধারীরা।
ফিফার তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে র্যাংকিংয়ে সবার শেষে, অর্থাৎ ২১১তম অবস্থানে সান মারিনো। যেখানে বাংলাদেশ রয়েছে ১৮১তম অবস্থানে। র্যাংকিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকলেও সাউথ এশিয়ান দেশ বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে সান মারিনো। র্যাংকিংয়ের তলানিতে থাকলেও ইউরোপের এ দলটি জার্মানি, ইতালি, ইংল্যান্ডের মতো জায়ান্ট দলগুলোর বিপক্ষে সব সময় খেলে। তাই বাংলাদেশের জন্য সান মারিনো ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। এ কথা স্বীকার করেছেন বাংলাদেশ দলের নতুন কোচ থমাস ডুলি ও তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীও। এ দুজনই ইউরোপিয়ান ফুটবলের সংস্কৃতিতে অভ্যস্ত। তারা ভালো করেই জানেন সান মারিনোর শক্তি-সামর্থ্যের কথা।
আসন্ন ম্যাচে প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিতে চায় বাংলাদেশও। বাংলাদেশ দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, ‘এখানে র্যাংকিং কোনো বিষয় নয়। অনেক ছোট টিম অনেক সময় ভালো খেলে। আমরা চাইব, যেহেতু আমাদের বাঙালি সাপোর্টাররা বেশি আসবেন, তাই নিজের হোম মনে করে আমরা মাঠে নামব। আর আমরা ইনশাল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে আনব।’
সান মারিনোকে সমীহ করে গোলরক্ষক সুজন হোসেন বলেন, ‘সান মেরিনোর র্যাংকিংটা নিচের দিকে। কিন্তু ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সঙ্গে খেলে- এটা গুরুত্বপূর্ণ। এখানে র্যাংকিং কোনো ব্যাপার নয়। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, পরিকল্পনা যারা বাস্তবায়ন করতে পারবে- তারাই এগিয়ে যাবে এই ম্যাচে।’
অপরদিকে সান মারিনো ম্যাচ দিয়েই কোচ থমাস ডুলির নতুন অধ্যায় শুরু হচ্ছে। বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘থমাসের (নতুন কোচ) অধীনে আমরা ঢাকা থেকে অনুশীলন শুরু করি। আমাদের অনেকগুলো সেশন হয়েছে। তার (কোচ) যে আইডিয়া, গেম প্ল্যান এবং এক কোচ থেকে আরেক কোচের অধীনে যাওয়ার বিষয়টি আমাদের খেলোয়াড়রা মানিয়ে নিয়েছে। সিম্পল ফুটবল, পজিশন ধরে রাখা, একুরেসি ও প্রেসিং করা- এসব বিষয় পছন্দ করেন তিনি (কোচ)। কোচের স্টাইলের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। অবশ্য আমাদের খেলোয়াড়রা মানিয়ে নিয়েছে। এখন মাঠে গিয়ে মেলে ধরার পালা।’
কোচ মামুনও সান মারিনোর ম্যাচে চ্যালেঞ্জ দেখছেন। তিনি বলেন, ‘তাদের আমরা শক্তিশালী দল হিসেবে কাউন্ট করছি। আমরা সবাই জানি, আমাদের জন্য একটা কঠিন লড়াই অপেক্ষা করছে এবং এজন্য আমরা মেন্টালি ও ফিজিক্যালি প্রস্তুত।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

