জেলেরা যে সময়টার জন্য মুখিয়ে থাকেন, সে সময়ের ভরা মৌসুম চললেও তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে হতাশ হয়ে পড়ছেন চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটের জেলেরা। বর্ষার আষাঢ়-শ্রাবণে জেলেদের যেরকম হাঁকডাক থাকে, এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে নেই সেই চিরচেনা হাঁকডাক।
চরফ্যাশন মৎস্য অবতরণ কেন্দ্র সামরাজ ঘাটের জেলে মজিদ শাহ ও নজরুল ইসলাম মাঝির সঙ্গে কথা বলে জানা যায়, সমুদ্রে অবৈধ ট্রলিং ও ছোট ফাঁসের নিষিদ্ধ জালের ব্যবহারের ফলে দিনদিন মাছের সংখ্যা কমে যাচ্ছে। যার ফলে, উপকূলীয় সাধারণ জেলেরা মাছ পাচ্ছেন না।
এছাড়াও তারা আরো বলেন, ভারী বৃষ্টিপাতে নদীতে পানি বাড়লে সাগর থেকে ইলিশ মাছ নদীতে চলে আসে। এ সময় জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ার কথা থাকলেও গত কয়েকদিনের ভারী বর্ষণে নদীতে পানি বেড়েছে। তারপরও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। নদীতে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এতে করে পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন পার করছেন।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নদীর মোহনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়া, জলবায়ুর পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকার নদনদীতে ইলিশের বিচরণের পথ ও প্রজনন ক্ষেত্র অনিরাপদ হয়ে ওঠেছে। এছাড়াও ট্রলিং জাল বা অবৈধ ট্রলারের মাধ্যমে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মৎস্যঘাটগুলোতে। তবে আমরা আশাবাদী গত কয়েকদিনে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, তাতে নদীতে পানি বেড়েছে। আশা করা যায়, সামনের সময়ে ইলিশ উপকূলীয় নদীতে আসবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

