মানচিনির ফেরাটাও বদলাতে পারল না ইতালির ভাগ্য

মানচিনির ফেরাটাও বদলাতে পারল না ইতালির ভাগ্য

বিশ্বকাপে টানা তৃতীয়বার জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার ছয় মাস পরও ঘুরে দাঁড়াতে পারল না ইতালি। রবার্তো মানচিনির প্রত্যাবর্তনের ম্যাচেও হার এড়াতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে নেশনস লিগে ঘরের মাঠে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে আজ্জুরিরা।

বিজ্ঞাপন

মার্চে বসনিয়া-হার্জেগোভিনার কাছে প্লে-অফে হারের পর এটিই ছিল ইতালির প্রথম ম্যাচ। প্রায় তিন বছর পর জাতীয় দলের ডাগআউটে ফিরে মানচিনিও পেলেন না কাঙ্ক্ষিত জয়। ২০২৩ সালে ইতালি ছাড়ার পর এবার ফেরার ম্যাচেই হারের স্বাদ নিতে হলো তাকে।

অন্যদিকে নতুন কোচ মার্ক ফন বোমেলের অধীনে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বেলজিয়াম। বিশ্বকাপের পর রুডি গার্সিয়া দায়িত্ব ছাড়লে তার জায়গায় নিয়োগ পান সাবেক নেদারল্যান্ডস মিডফিল্ডার।

রোমের ৭০ হাজার আসনের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ৪৭ হাজার ১৫৫ দর্শক। ২০ মিনিটে মিকা গডটসের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করেন গডটস। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ব্যবধান দ্বিগুণ করেন দোদি লুকেবাকিও। বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট থামাতে ছুটে এসেও সফল হননি ইতালির সান্দ্রো টোনালি। দুই গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত সমর্থকদের দুয়োধ্বনির মধ্যেই মাঠ ছাড়তে হয় ইতালিকে।

সমালোচনা নিয়ে মানচিনি বলেন, ‘আমরা হারলে কেউই খুশি থাকে না। হারলে দুয়োধ্বনি শুনতে হয়।’

বেলজিয়ামের বিপক্ষে হারের পর ইতালির সামনে আরও কঠিন সূচি। সোমবার তুরস্কের মাঠে খেলবে তারা। এরপর পরের শুক্রবার ফ্রান্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। নেশনস লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে বোলোনিয়ায় ঘরের মাঠে আবার তুরস্কের মুখোমুখি হবে আজ্জুরিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন