সৌদি প্রো লিগে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল করল আল নাসর। আল শাবাবের বিপক্ষে ৪-২ গোলের জয়ে বড় ভূমিকা রেখেছেন দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচে একটি গোল করে সৌদি প্রো লিগে নিজের ১০০তম গোলের মাইলফলকও স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা।
বৃহস্পতিবারের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গেছে। যদিও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এক ম্যাচ বেশি খেলেছে রোনালদোদের দল। লিগে এখন তাদের বাকি আছে আরও দুই ম্যাচ। দুটি ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে। তবে কোনো ম্যাচে পয়েন্ট হারালে সমীকরণ জটিল হয়ে যেতে পারে।
আল শাবাবের বিপক্ষে ম্যাচের ৭৫তম মিনিটে সাদিও মানের পাস থেকে গোল করেন রোনালদো। কয়েকজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে এক টোকায় বল জালে পাঠিয়ে দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে নিজের ১০০তম এবং পেশাদার ক্যারিয়ারের ৯৭১তম গোল পূর্ণ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন রোনালদো। অন্যদিকে আল নাসরের হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। গত জুলাইয়ে চেলসি ছেড়ে সৌদি ক্লাবে যোগ দেন তিনি। পেনাল্টি থেকে পাওয়া গোলেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফেলিক্স।
ম্যাচ শেষে রোনালদোর প্রশংসা করে আল নাসর কোচ জর্জ জেসুস বলেন, “রোনালদো সবসময়ই ভয়ঙ্কর ফরোয়ার্ড। আজও সে সেটির প্রমাণ দিয়েছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ পরবর্তী ডার্বি ম্যাচে। আমরা জানি ম্যাচটির গুরুত্ব কতটা এবং জয় পাওয়ার জন্য সবদিকেই মনোযোগ দিচ্ছি।”
আগামী মঙ্গলবার আল হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি খেলবে আল নাসর। শিরোপা দৌড়ে ম্যাচটি বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের সংগ্রহ ৭৭ পয়েন্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

