বিদায় বেলায় যা বললেন কাবরেরা

স্পোর্টস রিপোর্টার

বিদায় বেলায় যা বললেন কাবরেরা

গত এপ্রিলেই স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফুটবল ফেডারেশনের। আবার বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নেওয়ার জন্য নতুন করে আবেদনও করেছিলেন কাবরেরা। এরই মধ্যে নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ার শেষ প্রান্তে রয়েছে বাফুফে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী বার্তা দিলেন চার বছরের বেশি সময় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা কাবরেরা। এই স্প্যানিশ কোচ বলেন, ‘চার বছর চার মাস পর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হচ্ছে। যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে একজন প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। প্রতিটি মুহূর্ত ছিল দারুণ।’

কাবরেরা আরো বলেন, ‘আমরা অনেক দূর এগিয়েছি, মাঠের ভেতরে ও বাইরে। কয়েকশ দর্শকের সামনে খেলা থেকে শুরু করে পরিপূর্ণ স্টেডিয়ামে অবিস্মরণীয় রাত কাটানো, আমরা এমন সব মুহূর্ত তৈরি করেছি, যা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে স্মৃতি হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

গত চার বছরের মধ্যে ফুটবল দলের মনোভাব বদলে লড়াকু মানসিকতায় আনা, ১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলা, ২২ বছর পর ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফা র‌্যাংকিংয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোকেই বড় সাফল্য মনে করছেন ৪১ বছর বয়সি কোচ কাবরেরা।

তিনি জানান, নতুন প্রজন্মের জন্য যে পথ তৈরি হয়েছে, এজন্য বিশেষভাবে গর্বিত। কাবরেরার সময়ে অনূর্ধ্ব-২৩ দলে ২১ ফুটবলারের অভিষেক হয়েছে। এতে বাংলাদেশ জাতীয় দলের শক্তিশালী ভিত্তি স্থাপন হয়েছে। সব মিলে বুকভরা গর্ব নিয়েই বিদায় নিচ্ছেন বলে জানান কোচ কাবরেরা। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়, স্টাফ সদস্য, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবাইকে ধন্যবাদ জানাই। আমি গর্ব নিয়ে বিদায় নিচ্ছি এবং আমি বিশ্বাস করি যে, বাংলাদেশের ফুটবল সঠিক পথেই এগোচ্ছে। তবে সেরা সময় এখনো আসেনি।

২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন কাবরেরা। একই বছর মার্চে মালদ্বীপের বিপক্ষের প্রীতি ম্যাচে প্রথমবার ডাগআউটে দাঁড়ান এই স্প্যানিশ কোচ। তার অধীনে গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। কাবরেরা অধীনে মোট ৩৯টি ম্যাচ খেলেছে লাল-সবুজের জার্সিধারীরা। এর মধ্যে ১০টি ম্যাচে জিতেছে তারা। আজ-কালের মধ্যেই কাবরেরার জায়গায় নতুন কোচ চূড়ান্ত করবে ফুটবল ফেডারেশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন