সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সাত ম্যাচে ষষ্ঠ হার দেখল চেলসি। শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে তারা ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তাতে চ্যাম্পিয়নস লিগের পরের মৌসুমে তাদের খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগল।
পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে দেখা গেছে একটি। সেটা গোলে পরিণত হয়েছে। ম্যাথুস কুনহার একমাত্র গোলে ১৯৯৮ সালের মার্চের পর প্রথমবার কোনো গোল ছাড়াই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ম্যাচ হারল চেলসি।
এই হারে লিয়াম রোজেনিওরের দল টেবিলের ষষ্ঠ স্থানে। আগামী চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের শীর্ষ পাঁচটি দল খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু পঞ্চম স্থানে থাকাও বেশ কঠিন চ্যালেঞ্জ ব্লুদের জন্য। পাঁচে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্ট পেছনে তারা।
রোজেনিওর ম্যাচ শেষে বললেন, ‘এই হার আমাদের সামনে পাহাড়ে ওঠার মতো কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পাহাড়ের চূড়ায় ওঠা অসম্ভব নয়, কিন্তু অনেক কঠিন। ব্রাইটনের বিপক্ষে (মঙ্গলবার) আমাদের এমন মানসিকতা নিয়ে যেতে হবে যে, আমাদের জিততেই হবে এবং আমাদের মৌসুমের বাকিটা সেভাবেই শুরু করতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

