বিশ্বকাপ মানেই ফুটবলের উন্মাদনার সঙ্গে সুরের এক অন্যরকম মিলন। আর সেই আবহে আবারও হাজির হলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’।
সপ্তাহখানেক আগে এক মিনিট সাত সেকেন্ডের একটি ঝলক প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছিলেন শাকিরা। অবশেষে শুক্রবার বড় বড় সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল পুরো গানটি। এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।
ফিফা জানিয়েছে, ‘দাই দাই’ থেকে অর্জিত সব রয়্যালটি জমা হবে তাদের বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি টুর্নামেন্ট শেষে এই তহবিলে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। সেই অর্থ ব্যয় করা হবে বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফার পরিকল্পনা অনুযায়ী, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের বিরতিতে থাকছে তারকাখচিত আয়োজন। সেখানে পারফর্ম করার কথা রয়েছে ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের।
৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’ ইতোমধ্যেই বিশ্বকাপপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়াতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, এই গান আবারও ফিরিয়ে আনতে পারে ‘ওয়াকা ওয়াকা’র সেই বিশ্বব্যাপী উন্মাদনা।
বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় থিম সংয়ে পরিণত হয়েছিল। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের মঞ্চেও পারফর্ম করতে দেখা গেছে এই বিশ্বখ্যাত শিল্পীকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

