ফেডারেশন কাপ

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আজ সিটি ক্লাবের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। দুই ম্যাচ খেলে দুটি জয়ে তাদের অর্জন এখন সর্বোচ্চ ৬ পয়েন্ট। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এর আগে প্রথম ম্যাচ জিতেছিল তারা। ফলে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে মোহামেডান। অন্যদিকে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুদলের অর্জন এখন এক পয়েন্ট করে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সিটি ক্লাবের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বসুন্ধরা কিংস। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি পায় তারা। বক্সের মধ্যে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোকে বক্সের মধ্যে ফাইল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রবিনহো। বিরতিতে যাওয়ার আগে স্কোর লাইন ২-০ করে কিংস। এবার গোলদাতার নাম এমেকা ওগবুগ। রাকিবের শট সিটি ক্লাবের গোলরক্ষক ইসহাক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে হেডে গোল করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। পরের অর্ধে আর গোল পায়নি কিংস। সিটি ক্লাবও কোনো গোল শোধ দিতে পারেনি।

এদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পিডব্লিউডির বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও কাঙ্খিত জয় পায়নি মোহামেডান। অনেক সুযোগ মিসের মাশুল দিয়েছে তারা। প্রথম এক ঘণ্টা গোলবার অক্ষত রেখেছিল পিডব্লিউডি। কিন্তু ৬১ মিনিটে গোল হজম করে বসে তারা। সতীর্থের বাড়ানো লম্বা পাসে বক্সের বল পেয়ে যান সুলেমান দিয়াবাতে। নিখুঁত শটে গোল করেন মালির এই স্ট্রাইকার। তার গোলে জয়ের স্বপ্ন দেখছিল মোহামেডান। কিন্তু ৭২ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান এমবিদার দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে পিডব্লিউডি। এরপর অনেক চেষ্টা করেও জয় তুলে নিতে পারেনি মোহামেডান। ফলে পিডব্লিউডির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অন্য ম্যাচে সমান তালে লড়াই করে রোমাঞ্চকর ড্র করেছে আরামবাগ ও ওয়ান্ডারার্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন