শিরোপা নিশ্চিত করেই হারল বার্সা

শিরোপা লড়াইয়ে টিকে রইল সিটি

স্পোর্টস রিপোর্টার

শিরোপা লড়াইয়ে টিকে রইল সিটি

দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। সিটিজেনরা জিতেছে ৩-০ গোলে। গোলের দেখা পেয়েছেন আন্তোনে সেমেনিও, ওমর মারমুশ ও সাভিনিও। ঘরের মাঠ ইতিহাদে সিটির এ জয়ের ম্যাচের দিকে তাকিয়ে ছিল আর্সেনালও। কোচ পেপ গার্দিওলার ক্লাব পয়েন্ট খোয়ালে আর্সেনালের ২২ বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধারের পথটা অনেক সহজ হয়ে যেত। অন্যদিকে এল ক্লাসিকোতে চিরশত্রু রিয়াল মাদ্রিদকে ধরাশায়ী করে লা লিগার শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা স্প্যানিশ লিগে নিজেদের পরের ম্যাচেই হার মেনেছে। কাতালানদের ১-০ গোলে হারিয়েছে দেপোর্তিভো আলাভেস।

কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি। সিটির জয়ে এখনো আর্সেনালের শিরোপা জয়ের সামনে বাধা একটা রয়েই গেল। এতে শিরোপা লড়াই চলে গেল শেষ সপ্তাহে। সিটি যদি প্যালেসের বিপক্ষে হোঁচট খেত বা হেরে যেত, তাহলে আগামী সোমবার বার্নলির বিপক্ষে জয় পেলেই শিরোপা উৎসবটা করে ফেলতে পারত আর্সেনাল।

বিজ্ঞাপন

গানারদের সে উৎসবের প্রস্তুতি আপাতত থামিয়ে রাখল সিটি। তবে শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ এখনো রয়েছে আর্সেনালের দখলে। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ইংলিশ লিগ শিরোপা ঘরে তুলবে আর্সেনাল। তবে এ দুই ম্যাচের একটিতেও যদি পয়েন্ট হারায়, তাহলে শিরোপার দুয়ার থেকে খালি হাতে ফিরে আসতে হতে পারে গানারদের।

এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে সিটি। সমান ম্যাচে আর্সেনাল ৭৯ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে। তবে পয়েন্টে এগিয়ে থাকলেও আর্সেনালের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে গোল ব্যবধান। মৌসুম শেষে দুদলের পয়েন্ট সমান হলে বিবেচনায় নেওয়া হবে গোল ব্যবধান। এ মুহূর্তে এক গোলে এগিয়ে সিটি। তাদের গোল ব্যবধান +৪৩, আর আর্সেনালের +৪২। দুদলের শ্বাসরুদ্ধকর আর জমজমাট এ লড়াইয়ের প্রতিটি গোলও এখন মহামূল্যবান হিসেবেই গণ্য হবে, তাতে কোনো সন্দেহ নেই।

একনজরে

ম্যানসিটি ৩-০ ক্রিস্টাল প্যালেস

দেপোর্তিভো আলাভেস ১-০ বার্সেলোনা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন