বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ডারউইন টেস্টের চিত্রপট এখন নাটকীয় মোড়ে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান তুলে দিন শেষ করলেও এখনো বাংলাদেশ থেকে ৬৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এমন কঠিন পরিস্থিতিতে দলের অবস্থানকে ব্যক্তিগত অর্জনের চেয়ে বড় করে দেখছেন অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজলউড।
ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন হ্যাজলউড। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই উচ্চতায় পৌঁছালেও আনন্দের চেয়ে দলের চিন্তাটাই তার কণ্ঠে বেশি প্রকাশ পেয়েছে। তিনি জানান, ব্যক্তিগত সাফল্য অবশ্যই আনন্দের, তবে দলের বর্তমান পরিস্থিতি ও ম্যাচের প্রেক্ষাপটই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ডারউইনের উইকেটের ধরন ও বোলারদের চ্যালেঞ্জ নিয়ে হ্যাজলউড বলেন, ‘মাঠে পেসারদের জন্য কাজটা বেশ কঠিন ছিল। বল পুরোনো ও নরম হয়ে গেলে বোলিং করাটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। মূল লক্ষ্য ছিল চাপ তৈরি করা কিন্তু রান আটকানোর ক্ষেত্রে আমরা কিছুটা ব্যর্থ হয়েছি।’
অন্যদিকে বাংলাদেশের বোলারদের ক্ষুরধার বোলিংয়ের প্রশংসা করে হ্যাজলউড স্বীকার করেন, উইকেটের সঠিক ব্যবহার বাংলাদেশই ভালো করতে পেরেছে। নতুন বলের সুবিধা নিয়ে শুরুতেই তারা দ্রুত ২ উইকেট তুলে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয়।
অস্ট্রেলিয়ার বর্তমান লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘উইকেটের আচরণ বোঝা কঠিন এবং কিছু বল অসমান বাউন্স করছে। ক্রিজে অপরাজিত থাকা ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেরিকে নিয়ে আগামীকাল সারা দিন ব্যাটিং করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যদি দীর্ঘ সময় ব্যাট করে ভালো লিড নিতে পারি, তবে শেষ দিনে ১০ উইকেট নিয়ে জয় পাওয়া এখনো সম্ভব।’
বাংলাদেশের করা ৪২৬ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে গিয়ে টেস্ট ম্যাচটি এখন রোমাঞ্চকর অবস্থায় পৌঁছে দিয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়া কি পারবে দিনজুড়ে ব্যাট করে ম্যাচ বাঁচাতে, নাকি বাংলাদেশি বোলাররা শেষ আঘাত হানবেনÑতা নির্ধারিত হবে চতুর্থ দিনেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

