বিশ্বকাপ ব্যর্থতা কাটাতে মার্ক ভ্যান বোমেলকে দায়িত্ব দিল বেলজিয়াম

বিশ্বকাপ ব্যর্থতা কাটাতে মার্ক ভ্যান বোমেলকে দায়িত্ব দিল বেলজিয়াম

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পরই পরিবর্তনের পথে হাঁটে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ রুডি গার্সিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টেনে এবার রেড ডেভিলসদের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক মার্ক ভ্যান বোমেলকে।

বিজ্ঞাপন

৪৯ বছর বয়সি এই ডাচ কোচ ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বেলজিয়ামের দায়িত্বে থাকবেন। আগামী ১৫ আগস্ট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

নিয়োগের পর নিজের অনুভূতি প্রকাশ করে ভ্যান বোমেল বলেন, “বেলজিয়াম জাতীয় দলের প্রধান কোচ হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। আমার ওপর আস্থা রাখার জন্য বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং তাদের সম্ভাবনাও অসাধারণ। তাদের নিয়ে কাজ করার অপেক্ষায় আছি।”

বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর ভিনসেন্ট মানার্টও নতুন কোচের প্রশংসা করেছেন। তার বিশ্বাস, খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা থাকায় ভ্যান বোমেল বর্তমান তরুণ দলটিকে আরও পরিণত করে তুলতে পারবেন।

কোচ হিসেবে ভ্যান বোমেলের সাম্প্রতিক সাফল্যও বেশ উল্লেখযোগ্য। পিএসভি আইন্দহোভেন ও জার্মান ক্লাব ভিএফএল উলফসবার্গে দায়িত্ব পালনের পর তিনি বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের দায়িত্ব নেন। সেখানে মাত্র দুই মৌসুমেই ক্লাবটিকে ৬৬ বছর পর বেলজিয়ান প্রো লিগের শিরোপা জেতানোর পাশাপাশি বেলজিয়ান কাপ ও বেলজিয়ান সুপার কাপ জিতে ঐতিহাসিক ট্রেবল উপহার দেন।

খেলোয়াড়ি জীবনেও ভ্যান বোমেল ছিলেন ইউরোপীয় ফুটবলের পরিচিত মুখ। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভি আইন্দহোভেনের মতো ক্লাবের হয়ে সাফল্য পাওয়া এই মিডফিল্ডার নেদারল্যান্ডসের জার্সিতে খেলেছেন ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ ফিফা বিশ্বকাপে রানার্সআপ হওয়া ডাচ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

ভ্যান বোমেলের সঙ্গে বেলজিয়ামের কোচিং স্টাফেও যুক্ত হচ্ছেন তিন অভিজ্ঞ সহকারী। নেদারল্যান্ডস ও চেলসির সাবেক উইঙ্গার বউদেউইন জেনডেন, সাবেক বেলজিয়ান তারকা মার্টেন মার্টেনস এবং রাইনিয়ার রবেনমন্ড নতুন কোচিং দলে কাজ করবেন।

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর নতুন কোচের হাত ধরে বেলজিয়াম এখন ইউরো ২০২৮-কে সামনে রেখে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন