ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান

জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল

জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর কালভার্ট রোডে জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির ঢাকা মহানগর কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারুক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে দেশপ্রেমিক সিপাহি ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে সেই ষড়যন্ত্র প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছিল।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দেশপ্রেমিক সামরিক বাহিনী বারবার বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতা অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে দেশকে সাড়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে। এ সময় সামরিক বাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, এমন এক সময়ে ৭ নভেম্বর পালন করা হচ্ছে, যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতি আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। ফ্যাসিবাদীরা পুনরায় ফিরে এলে জাতি মহাসংকটে পড়বে। এ অবস্থায় দেশকে রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন দল ও মতের মানুষ, বর্তমান সরকার এবং সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফারুক রহমান বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে ন্যাশনাল লেবার পার্টি যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে।

ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা সভাপতি মেহেদী হাসান হাওলাদার, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম ছগির, মনির ইসলাম খোকন ও আখতারুজ্জামান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন