ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
ছবি: সংগৃহীত

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

জানা গেছে, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে গত বৃহস্পতিবার আন্দোলন শুরু করেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উদ্ধার করে। গণমাধ্যমের বরাতে জানা যায়, এ সময় অধ্যক্ষের কার্যালয় সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর পুরুষ পুলিশ সদস্যরা লাঠিচার্জ চালান।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সাধারণ ছাত্রীরা হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন করছিলেন। কিন্তু কলেজ প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর বলপ্রয়োগের সুযোগ করে দিয়েছে। এমনকি নারী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর এহেন আচরণ অত্যন্ত ন্যক্কারজনক।

তিনি আরো বলেন, অধ্যক্ষ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক; আলোচনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করাই তার দায়িত্ব ছিল। কিন্তু তিনি তা না করে শিক্ষার্থীদের ওপর পুলিশ ডেকে এনে নিজের অভিভাবকসুলভ আচরণের চরম পরিপন্থি কাজ করেছেন।

বিবৃতিতে এমপি নূরুন্নিসা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন