শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই পরিবহনসেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যরাও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো এবং দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা সিটির মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টি রুটে নতুন এই এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করা শিক্ষার্থীরা আরও আরামদায়ক ও নিরাপদ পরিবহন সুবিধা পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, ইউআইইউ সবসময় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকে সমান গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই এসি পরিবহনসেবা শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা এবং বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জীবনে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

বিশেষ অতিথি মইনুদ্দীন হাসান রশীদ বলেন, ইউআইইউর শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। নতুন পরিবহনসেবার মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের পাশাপাশি সময়ও সাশ্রয় করতে পারবে।

তিনি আরও বলেন, ইউআইইউকে আন্তর্জাতিক মানের একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউনাইটেড গ্রুপ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, নতুন বাস সার্ভিস শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার পাশাপাশি দৈনন্দিন যাতায়াতকে সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের কল্যাণ ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে ইউআইইউ বিভিন্ন সময়ে প্রয়োজনভিত্তিক নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস এবং ভর্তুকির মাধ্যমে বিভিন্ন রুটে পরিবহনসেবা দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টি।

এরই ধারাবাহিকতায় এবার বিভিন্ন রুটে ১৮টি নতুন এসি বাস চালু করা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নতুন এই পরিবহনসেবা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও দৈনন্দিন যাতায়াত সুবিধাকে আরও উন্নত ও সময়োপযোগী করবে।

অনুষ্ঠানে ইউআইইউর বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন