বাংলাদেশ ফুটবল লিগের ১৩তম রাউন্ডের চারটি ম্যাচ হয়েছে আজ । এর মধ্যে মোহামেডান ও আবাহনী ম্যাচের বাড়তি আগ্রহ ছিল সবার। কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করার পর প্রথম ম্যাচ নামে মোহামেডান। ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে ম্যাচটিতে আলো ছড়াল দলটি। ফকিরেরপুলের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে মোহামেডান।
একই জয়ের আনন্দে মাঠ ছেড়েছে আবাহনীও। তারা ৩-১ গোলে হারাল বাংলাদেশ পুলিশ এফসিকে। তবে এ ম্যাচের শেষদিকে ফাউলের ঘটনাকে কেন্দ্র করে দুদল দ্বন্দ্বে জড়ায়। সে দ্বন্দ্ব হাতাহাতিতেও রূপ নেয়। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনী ফরোয়ার্ড শেখ মোরসালিন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের ডিফেন্ডার শরিফ নিরবও।
এদিন বসুন্ধরা কিংস ও রহমগঞ্জের ম্যাচেও দুটি লাল কার্ড দেখান রেফারি। দুই হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড দেখেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এরপর রহমতগঞ্জের নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বুও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দল নিয়ে লড়াই করে জিততে পারেনি কেউই। কিংস ও রহমতগঞ্জের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে ফর্টিসও। আরামাবাগের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। আজ লিগের একমাত্র ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও পিডব্লিউডি পরস্পরের মুখোমুখি হবে।
মুন্সীগঞ্জের মাঠে রহমতগঞ্জের বিপক্ষে হোঁচট খেলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচ খেলে তাদের অর্জন সর্বোচ্চ ২৮ পয়েন্ট। তবে কিংসের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল আবাহনী ও ফর্টিস। এইদুটি দলের অর্জন সমান ২৫ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় টেবিলের দুই নম্বরে আবাহনী আর তিনে রয়েছে ফর্টিস। টেবিলের চারে থাকা রহমতগঞ্জের অর্জন ১৯ পয়েন্ট। অন্যদিকে লিগে তৃতীয় জয়ের মুখ দেখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। ১৩ ম্যাচ খেলে তাদের অর্জন এখন ১৪ পয়েন্ট। আর ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ফকিরেরপুল।
ময়মনসিংহের মাঠে ৩৩ মিনিটে সুলেমান দিয়াবাতের ক্রস থেকে গোল করে আবাহনী প্রথম এগিয়ে দেন এমেকা ওগবাহ। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে বাবলু ঠান্ডা মাথার শটে গোল করে বাংলাদেশ পুলিশকে ম্যাচে ফেরান (১-১)। ৫৮ মিনিটে আল-আমিনের গোল আবার এগিয়ে যায় আবাহনী। ৭৮ মিনিটে মোরসালিন গোল করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

