বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ‘হাফটাইম শো’ আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তিনি জানান, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে এই আয়োজন করা হবে। ফাইনালটি অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, আর মধ্যবিরতির এই অনুষ্ঠানকে বড়সড় সংগীত আয়োজনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ইনফান্তিনো আরও জানান, ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের প্রধান গায়ক ক্রিস মার্টিন এই শোয়ের পরিকল্পনা সাজানোর দায়িত্বে আছেন। তবে এখনো কারা পারফর্ম করবেন, তা চূড়ান্ত করা হয়নি। তিনি এটিকে ‘পৃথিবীর সবচেয়ে বড় শো’ হিসেবে আখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে সুপারবোলের মাধ্যমে হাফটাইম শো বেশ জনপ্রিয় হলেও ফুটবলে এটি একেবারেই বিরল। কারণ, অনেক সমর্থক খেলার মধ্যবর্তী সময়ে এমন বিনোদন পছন্দ করেন না।

এর আগে ২০১৭ সালে জার্মানির ডিএফবি কাপ ফাইনালে হাফটাইম শো আয়োজন করা হয়েছিল। সে সময় জার্মান পপ তারকা হেলেন ফিশার পারফর্ম করলেও দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় তাকে।

তবে ফিফার বিশ্বাস, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন আয়োজন নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইনফান্তিনো আরও ইঙ্গিত দিয়েছেন, এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে বিশ্বখ্যাত তারকাদের সম্পৃক্ত করা হবে। এতে ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেরও এক অনন্য মেলবন্ধন ঘটতে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন