ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ক্রীড়া আদালতে আপিল করেছে ফিলিস্তিন। দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কে এবার নতুন মোড় যোগ হলো।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে গড়ে ওঠা ইসরায়েলি ক্লাবগুলোর বিষয়ে ফিফার অবস্থান অন্যায্য। এসব ক্লাব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গঠিত হলেও তারা ইসরায়েলি লিগে নিয়মিত অংশ নিচ্ছে—এমন অভিযোগ তুলে বহু বছর ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল পিএফএ।
তবে গত মাসে ফিফা জানায়, পশ্চিম তীরের আইনি অবস্থান এখনও আন্তর্জাতিকভাবে অমীমাংসিত থাকায় এ বিষয়ে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ ফিলিস্তিন।
পিএফএর সহ-সভাপতি সুসান শালাবি বলেন, *‘যেহেতু আমরা ফিফাতে সমস্ত আইনি পথ অবলম্বন করেছি, আমরা আইন মেনে চলব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপিল করব, কারণ আমরা মনে করছি এটা অন্যায়।’*
তিনি আরও বলেন, ‘১৫ বছর ধরে আলোচনা চলার পরও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমাদের সামনে একটাই পথ খোলা ছিল—ক্রীড়া আদালতে যাওয়া। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যাব।’
জানা গেছে, গত ২০ এপ্রিল ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক আদালতে এই আপিল করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে ফিলিস্তিনি ফুটবলের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেছেন শালাবি। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ করে গাজা অঞ্চলে ফুটবল অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পেশাদার লিগ কার্যত বন্ধ, আর খেলোয়াড়দের নিরাপত্তাও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শালাবি বলেন, *‘আমরা শতশত ফুটবলারকে হারিয়েছি, যাদের বেশিরভাগই শিশু। গাজায় এখন ফুটবল বলে কিছু নেই। আমাদের দলগুলোর জন্য প্রতিযোগিতা করাও খুবই বিপজ্জনক।’*
ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে এই আপিল এখন আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

