ভিনিসিয়ুসকে দলে টানার সম্ভাবনা খতিয়ে দেখছে আর্সেনাল

ভিনিসিয়ুসকে দলে টানার সম্ভাবনা খতিয়ে দেখছে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর সম্ভাবনা যাচাই করছে। তবে সবকিছু নির্ভর করছে রিয়ালের সঙ্গে তার নতুন চুক্তির অগ্রগতির ওপর। যদি স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন না হয়, সেক্ষেত্রেই আর্সেনাল আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিতে পারে।

বিজ্ঞাপন

দ্য অ্যাথলেটিকের নির্ভরযোগ্য সাংবাদিক ডেভিড অর্নস্টেইন ও জেমস ম্যাকনিকোলাসের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রমণভাগ আরও শক্তিশালী করতে আর্সেনাল কয়েকজন ফুটবলারকে বিবেচনায় রেখেছে। সেই তালিকায় অন্যতম বড় নাম ভিনিসিয়ুস জুনিয়র। যদিও আগ্রহের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শেষ পর্যন্ত এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে—এমন কোনো নিশ্চয়তা নেই।

এখন পর্যন্ত আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে ক্লাবের সব পর্যায় থেকেই ভিনিসিয়ুসকে দলে নেওয়ার ধারণাটি ইতিবাচক সমর্থন পেয়েছে।

বর্তমানে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। রিয়াল মাদ্রিদের হয়ে টানা আট মৌসুম কাটানোর পরও নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি।

এ অবস্থায় রিয়াল মাদ্রিদ অবশ্যই তাকে বিনা ট্রান্সফার ফিতে হারাতে চাইবে না। কারণ আগামী মৌসুমে চুক্তি শেষ হলে ভিনিসিয়ুসকে উল্লেখযোগ্য পরিমাণ ‘লয়্যালটি বোনাস’ও দিতে হবে ক্লাবটির।

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের পাঁচটি ম্যাচেই খেলেছেন তিনি এবং করেছেন চারটি গোল। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ক্লাব ফুটবলেও ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করেছেন ভিনিসিয়ুস। কিন্তু দলগতভাবে মৌসুমটি হতাশার ছিল। টানা দ্বিতীয়বারের মতো কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। লা লিগায় তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে রানার্সআপ হয়।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর থেকে স্প্যানিশ ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে করেছেন ১২৮টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০টি গোল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন