অনুশীলনে হাতাহাতি, শাস্তির মুখে ভালভার্দে-চুযেমেনি

স্পোর্টস ডেস্ক

অনুশীলনে হাতাহাতি, শাস্তির মুখে ভালভার্দে-চুযেমেনি

লা লিগার গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনের সময় সতীর্থ ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়েমেনির মধ্যে সংঘর্ষের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

শুক্রবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, প্রথম দলের অনুশীলনে ঘটে যাওয়া ঘটনার পর দুই খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কার্যক্রম শুরু করা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, অনুশীলনের সময় তর্কে জড়িয়ে পড়েন ভ্যালভার্দে ও চুয়ামেনি। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে মুখে আঘাত পান উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে। তাকে ক্লাবের অনুশীলন কেন্দ্রের কাছের হাসপাতালে নেওয়া হয় এবং কপালের ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে।

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ভালভার্দে বর্তমানে ভালো অবস্থায় আছেন। তবে মাথায় আঘাত পাওয়ায় তাকে প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে রবিবার বার্সেলোনার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে খেলতে পারবেন না ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ভালভার্দে। তিনি বলেন, “প্রতিযোগিতার চাপ ও হতাশা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তর্কের সময় দুর্ঘটনাবশত একটি টেবিলে আঘাত লেগে কপালে ছোট একটি কাটা পড়ে। এজন্য হাসপাতালে যেতে হয়েছিল।”

একই সঙ্গে সতীর্থ চুয়ামেনির সঙ্গে শারীরিক সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। ভালভার্দের ভাষ্য, “কোনো সময়ই আমার সতীর্থ আমাকে আঘাত করেনি, আমিও তাকে মারিনি।”

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকেই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার অনুশীলনের সময় সেই বিরোধ আবারও চরমে পৌঁছায় এবং পরে ড্রেসিংরুমে পরিস্থিতি আরও খারাপ হয়।

এদিকে টানা দ্বিতীয় মৌসুমে বড় কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ হওয়ার শঙ্কায় চাপের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে তারা। রবিবারের ক্লাসিকোয় বার্সেলোনা হার এড়াতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন