দীর্ঘ চার দশকের বেশি সময় পর ইউরোপের মঞ্চে নতুন ইতিহাস লিখল নটিংহ্যাম ফরেস্ট। ঘরের মাঠে পোর্তোকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় পায় ফরেস্ট। প্রথম লেগে ১-১ ড্র থাকায় এই জয়ই তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। ১৯৮৪ সালের পর এবারই প্রথম ইউরোপা লিগের শেষ চারে উঠল তারা।
ম্যাচের শুরুতেই নাটকীয়তা। অষ্টম মিনিটে নটিংহ্যাম ফরেস্টের স্ট্রাইকার ক্রিস উডকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন পোর্তোর ডিফেন্ডার ইয়ান বেদনারেক। ফলে খুব দ্রুতই ১০ জনের দলে পরিণত হয় পর্তুগিজ ক্লাবটি।
সংখ্যাগত এই সুবিধা কাজে লাগাতে দেরি করেনি ফরেস্ট। ১২তম মিনিটে নেকো উইলিয়ামসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মর্গান গিবস-হোয়াইট। শটটি ডিফ্লেকশন হয়ে জালে জড়ায়। গোলটি তিনি উৎসর্গ করেন ব্যক্তিগত শোকের কারণে অনুপস্থিত সতীর্থ এলিয়ট অ্যান্ডারসনকে।
এরপর ম্যাচজুড়ে লিড ধরে রাখে ফরেস্ট। পোর্তো চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
তবে ঐতিহাসিক জয়ের রাতেও কিছুটা দুশ্চিন্তা আছে ফরেস্ট শিবিরে। ফাউলের শিকার হয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় ক্রিস উডকে। এছাড়া ম্যাচের শেষ দিকে ইনজুরিতে পড়েন মুরিলো ও কালাম হাডসন-ওডোই। প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ের মাঝে এই ইনজুরিগুলো দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
আগামী ১ মে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্ট। অন্য সেমিফাইনালে লড়বে ব্রাগা ও ফ্রেইবার্গ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

