মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

বাগেরহাটের মোংলা উপজেলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত ৭৮০ গ্রাম গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মোংলা উপজেলার মিয়াপাড়া বালুরমাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট। অভিযানকালে ৭৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুককে আটক করা হয়। তিনি ওই এলাকার আলী হোসেন খানের ছেলে।

আটকের পর বিষয়টি মোংলা উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওমর ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে সাজা কার্যকরের জন্য তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে আদালতের নির্দেশে জব্দকৃত ৭৮০ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ আমার দেশ কে বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে। তারা মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন