বাবার শেষবিদায়ে রোজারিওতে মেসি, পাশে স্ত্রী-সন্তান

বাবার শেষবিদায়ে রোজারিওতে মেসি, পাশে স্ত্রী-সন্তান

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা। তাঁর মৃত্যুর পরই যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিজ্ঞাপন

ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। বিমানবন্দর থেকে পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে বের হন তিনি।

হোর্হে মেসিকে রোজারিওর কাছের শহর পেরেজে সমাহিত করা হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষকৃত্য হবে একান্ত পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই বাবাকে শেষ বিদায় জানাবেন মেসি।

তবে শেষকৃত্যের স্থান ঘিরে এরই মধ্যে ভিড় করেছেন মেসির অসংখ্য ভক্ত। প্রিয় তারকার জীবনের কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিতেই সেখানে জড়ো হয়েছেন তাঁরা।

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে ছেলের পাশে থাকা হোর্হে পরবর্তী সময়ে তাঁর এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাই বাবার মৃত্যু মেসির ব্যক্তিগত জীবনের পাশাপাশি ফুটবলজীবনেও বড় এক শূন্যতা তৈরি করেছে।

হোর্হের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ফুটবলের নানা অঙ্গন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন