সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন তারা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ।
২০২৪ সালে প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল লাল-সবুজের জার্সিধারীরা। সেবার ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। এবার সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে দুদল। এবারের টুর্নামেন্টেও শিরোপা জয়ের প্রত্যাশা যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সহোদর ডেকলান সুলিভান ও রোনান সুলিভানকে ঘিরে। প্রথমবার বাংলাদেশের হয়ে খেলছেন তারা।
ইতোমধ্যে রোনান এক ম্যাচ জোড়া গোল করেছেন। গত ম্যাচে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের গত ম্যাচে রক্ষণভাগ অনেক ভুল করেছে বাংলাদেশ। তবে রক্ষণ ভাগের জন্য ভালো সমাধান হতে পারেন ১৮ বছর বয়সি ডিফেন্ডার ডেকলান। সেমিফাইনালে নেপালকে হারানোর দিকেই সব মনোযোগ এখন বাংলাদেশের।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ এপ্রিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

