বাংলাদেশ ফুটবল লিগে আজ মোহামেডানকে ২-১ গোলে হারাল বসুন্ধরা কিংস। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৫ ম্যাচ খেলে ১০টি জয় ও ৪টি ড্রয়ে তাদের অর্জন এখন সর্বোচ্চ ৩৪ পয়েন্ট। কিংসের সঙ্গে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা আবাহনীর অর্জন ২৮ পয়েন্ট। তবে কিংসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে আবাহনী।
দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দুদলেরই অর্জন সমান ১৪ পয়েন্ট করে। পয়েন্ট টেবিলের সাত নম্বরে ব্রাদার্স ও আট নম্বরে রয়েছে আরামবাগ। আজ লিগের তিনটি ম্যাচ রয়েছে। কুমিল্লায় আবাহনী-ফকিরেরপুল, গাজীপুরে বাংলাদেশ পুলিশ-পিডব্লিউডি এবং কিংস অ্যারেনায় ফর্টিস-রহমতগঞ্জ পরস্পরের মুখোমুখি হবে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার শুরুতে এগিয়ে ছিল মোহামেডান। ২৮ মিনিটে মোজাফফরভের গোল করেন। তবে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই ম্যাচে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। বিরতিতে যাওয়ার আগে ফয়সাল আহমেদ ফাহিমের গোল করেন। আর দ্বিতীয়ার্ধে আলো ছড়ালেন ডরিয়েলটন গোমেজ। ৬৯ মিনিটে তার গোলেই জিতল কিংস। তবে কিংসের বিপক্ষে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলেছে মোহামেডান।
২৮ মিনিটে মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন গোল করেন। কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বাধার মুখে সাইফুল বল বাড়িয়ে দেন। বাইলাইনের একটু ওপরে বল পেয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ বুলেট শটে জিকোর পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন কাটব্যাক করেন বক্সে। ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করে ফাহিম কিংসকে ম্যাচে ফেরান। বিরতির পর সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাম দিক দিয়ে আক্রমণে ওঠে ফাহিম। তার বাড়ানো ক্রস পেয়ে ডান পায়ের ছোঁয়ায় জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন। লিগে তার গোল হলো ১৬টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

