সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

এক দিনের টিকিটেই দেখা যাবে দুটি ম্যাচ। তবে গ্রুপ পর্বে গ্যালারিতে বসে ফুটবল উপভোগ করতে দর্শকদের গুনতে হবে অন্তত এক হাজার টাকা। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট ও রেফারি ব্যবস্থাপনা নিয়ে এমন তথ্যই জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকলেও সর্বনিম্ন গ্যালারি টিকিটের দাম এক হাজার টাকা। সাফের সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, এটি মূলত এক দিনের পাস। সেই হিসাবে প্রতি ম্যাচ দেখতে গড়ে খরচ পড়বে ৫০০ টাকা। তবে সেমিফাইনালের টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

টিকিট বিক্রি হবে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে। গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি তখন চাপ সামলাতে ব্যর্থ হয়েছিল। এবার সাফের মতো বড় আসরে তারা কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, সেটিই দেখার বিষয়।

এবারের আসরে থাকছে আরেকটি নতুনত্ব। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। সেমিফাইনাল ও ফাইনালে এই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরীক্ষামূলকভাবে তা চালানো হবে। এ কারণে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ থেকে রেফারি আনার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকেরা। ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো রেফারিরই এবারের টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ থাকছে না।

সাফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সেমিফাইনাল ও ফাইনালের জন্য এমনিতেই দক্ষিণ এশিয়ার বাইরে থেকে রেফারি আনতে হতো। অন্য দেশ থেকে রেফারি এনে আবার তাঁদের পাঠিয়ে দিয়ে শেষ তিন ম্যাচের জন্য নতুন রেফারি আনা ব্যয়বহুল হতো। তাই একই ব্যবস্থায় পুরো টুর্নামেন্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটানোর কথাও জানিয়েছে সাফ। ক্যাটেলের ভাষ্য, নির্ধারিত সূচি অনুযায়ী ভারত খেলবে এবং ইতোমধ্যে দলীয় তালিকাও জমা দিয়েছে। তবে তারা অনূর্ধ্ব-২৩, জুনিয়র নাকি সিনিয়র দল পাঠাচ্ছে, তা এখনো নিশ্চিত নয়। সাফের বক্তব্য, ভারত জাতীয় দল নামেই প্রতিযোগিতায় অংশ নেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন