আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের কঠোর হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের কঠোর হুঁশিয়ারি

বিশ্বকাপ ফুটবল শুরুর তিন মাসও বাকি নেই। কিন্তু ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের দাবি, কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া সম্ভব নয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটেই মূলত এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। আঞ্চলিক এই সংঘাতের প্রভাব এখন বৈশ্বিক পর্যায়েও পড়তে শুরু করেছে। ফলে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতেও দেখা দিয়েছে নতুন আলোচনা।

এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইরান। এ প্রসঙ্গে ট্রাম্প প্রথমে জানান, ইরান খেলবে কি না—সেই বিষয়টিকে তিনি তেমন গুরুত্ব দিচ্ছেন না। তবে পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ভিন্ন বার্তা দেন। তিনি জানান, বিশ্বকাপে অংশ নিতে ইরানকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কিন্তু এরপর আবারও ট্রাম্প মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে ‘জীবন ও নিরাপত্তা’র কথা বিবেচনা করে ইরানের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোই ভালো।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত নাও হতে পারে।’

এর জবাবে বৃহস্পতিবার ইরান জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দেশের হাতে নেই। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা—কোনো ব্যক্তি বা দেশ নয়। ধারাবাহিক সাফল্য ও গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে ইরান জাতীয় দল এই টুর্নামেন্টে সবার আগে যোগ্যতা অর্জন করা দলগুলোর একটি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...