আগামী ২৫ মে থেকে ভারতে শুরু হবে অষ্টম নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। এ টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছেন বাংলাদেশের মেয়েরা। তাদের সামনে টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা জয়ের হাতছানি। তাই সাফের প্রস্তুতির জন্য থাইল্যান্ডের ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প গড়ছে বাংলাদেশ।
এর মধ্যে ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণা-আফঈদারা। এই ক্যাম্পে যোগ দিতে আজ কোচ ও খেলোয়াড়সহ বাংলাদেশের ২২ সদস্যের একটি দল ঢাকা থেকে থাইল্যান্ডে পৌঁছেছে। তবে দলের সঙ্গে যাননি দুই গোলরক্ষক রুপনা চাকমা ও মিলি আক্তার। তাদের সঙ্গে ভিসা জটিলতায় পড়ে আরো সাত নারী ফুটবলার থাইল্যান্ডের বিমান ধরতে পারেননি।
বাফুফে সূত্রে জানা যায়, শুধু ৯ ফুটবলারই নন, ভিসা জটিলতায় পড়ে বেশ কজন কোচিং স্টাফও আজ থাইল্যান্ডে যেতে পারেননি। আজ তাদের সবাই থাইল্যান্ডের বিমান ধরার কথা।
২০২২ ও ২০২৪ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। এবার জিতলে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে তারা। আসন্ন আসরেও চ্যাম্পিয়নের মতো খেলেই শিরোপা জিততে চায় বাংলাদেশ। সেভাবেই দলকে তৈরি করার কথা জানিয়ে গেছেন কোচ পিটার বাটলার। আগ্রাসী ফুটবল খেলার মানসিকতাই খেলোয়াড়দের মধ্যে তৈরি করতে চান এই ইংলিশ কোচ।
থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের যাচাই করার সুযোগ পাবেন বাটলার। আগামী ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু হবে বাংলাদেশের। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারতও। ৩১ মে তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

