ইনকিলাব মঞ্চের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে। একই সঙ্গে এই সংগঠন যতদিন টিকে থাকবে ততদিন মুখপাত্র পদে শহীদ ওসমান হাদির নাম রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশে একটি সার্চ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হন। সংগঠনটি যতদিন টিকে থাকবে ততদিন মুখপাত্র পদে শহীদ ওসমান হাদির নাম রাখার সিদ্ধান্ত হয় সভায়।
নির্বাচন-পরবর্তী সময়ে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার লক্ষে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক জি এ সাবির, সদস্য সচিব মামুনুর রহমান আদনান। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিন শাহরাজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


