জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগের জন্য বাফুফের গঠিত যাচাই-বাছাই কমিটি ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। সেখানে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার কোচদের নামও। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন। তিনি জানান, সিভি দেখেই তালিকায় রাখা হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার কোচদের।
প্রো-লাইসেন্সপ্রাপ্ত কোচদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া পূর্ব অভিজ্ঞতা, টেকনিক এবং বর্তমান অবস্থানÑএসব বিষয়ও বিবেচনা করছে বাফুফে। তবে এখনো কোনো কোচের সঙ্গে সরাসরি কথা বলেননি বাফুফে কর্মকর্তারা। প্রাথমিক তালিকায় থাকা কাদের সাক্ষাৎকার নেবে বাফুফে, এ ব্যাপারে আজ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইকবাল হোসেন। তিনি বলেছেন, তালিকা ছোট করে তিন-চারজনে আনা হবে। ভালো কোচ আনতে হলে বেশি পারিশ্রমিক দিতে হবে।
গত ৩০ এপ্রিল শেষ হয়েছে কোচদের আবেদনপত্র গ্রহণ। প্রায় ৩০০ কোচ বাফুফের আবেদনে সাড়া দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে ২২ জনের তালিকা তৈরি করা হয়েছে। ইকবাল হোসেন জানান, প্রধান কোচের জন্য ২২ এবং গোলকিপিং কোচের জন্য ১৪ জনকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিলে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চার বছর বাংলাদেশ ফুটবল দলের কোচ ছিলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

